যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং তাদের অষ্টম প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে। নতুন এই সিরিজের আওতায় জেড ফোল্ড ৮ আলট্রা, জেড ফোল্ড ৮ এবং জেড ফ্লিপ ৮ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ক্রেতারা যেন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক ডিভাইসটি বেছে নিতে পারেন, সেজন্য এই স্মার্টফোনগুলোর সক্ষমতা ও পার্থক্যগুলো বিশ্লেষণ করা হয়েছে।
ফোল্ডেবল সিরিজের সব ফোনেই স্যামসাংয়ের ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি ডিভাইসে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সুবিধা রয়েছে। ফোল্ড ৮ ও ফোল্ড ৮ আলট্রা মডেলে ফ্লেক্স টাইটানিয়াম লেয়ার ব্যবহার করা হয়েছে, যা স্ক্রিনের ভাঁজ কমিয়ে স্থায়িত্ব বাড়াবে। তিনটি ফোনেই স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর এবং ১২ বা ১৬ জিবি র্যামের সুবিধা দেওয়া হয়েছে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা মূলত ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্রেতাদের জন্য তৈরি। এতে ৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে এবং ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা সিস্টেম রয়েছে। যারা বড় স্ক্রিন ও সেরা ক্যামেরা পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এটি উপযোগী। এর দাম শুরু হয়েছে ২,১০০ ডলার থেকে।
জেড ফোল্ড ৮ মডেলটি কিছুটা ভিন্ন ধাঁচের। এটি আকারে ছোট এবং চওড়া, যা বহনযোগ্যতার দিক থেকে সুবিধাজনক। এতে টেলিফটো লেন্স না থাকলেও ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা সেটআপ রয়েছে। এর দাম শুরু হয়েছে ১,৯০০ ডলার থেকে।
অন্যদিকে, জেড ফ্লিপ ৮ মডেলটি তৈরি করা হয়েছে যারা স্টাইলিশ ও সহজে বহনযোগ্য ফোন পছন্দ করেন তাদের জন্য। এটি বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ফ্লিপ ফোনগুলোর একটি। এর দাম শুরু হয়েছে ১,২০০ ডলার থেকে। নতুন ফোনের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আলট্রা ২ এবং ওয়াচ ৯ নামে দুটি স্মার্টওয়াচও বাজারে এনেছে।