যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারাভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এএমডি তাদের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে জানিয়েছে, এআই খাতের বিশাল চাহিদার কারণে তাদের ডাটা সেন্টার ব্যবসা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা সু জানিয়েছেন, গত বছরের তুলনায় ডাটা সেন্টার থেকে আয় ১০৭ শতাংশ বেড়ে ৬.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ৩.২ বিলিয়ন ডলার। কোম্পানিটি আশা করছে, ২০২৭ সালেও তাদের ডাটা সেন্টার খাতের আয় দ্বিগুণ হবে।
তবে এই সাফল্যের বিপরীতে কোম্পানিটির গেমিং ব্যবসার চিত্র ভিন্ন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গেমিং খাতের আয় ৩১ শতাংশ কমে ৭৭৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এক্সবক্স সিরিজ এক্স/এস, পিএস৫ এবং স্টিম ডেক কনসোলের উপাদান সংকট ও উচ্চমূল্যের কারণে গ্রাহকদের মধ্যে চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন লিসা সু। গ্রাফিক্স কার্ডের উচ্চমূল্যও সামগ্রিক চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
এএমডির প্রধান অর্থ কর্মকর্তা জঁ হু জানিয়েছেন, সামগ্রিকভাবে কোম্পানির রাজস্ব ৫০ শতাংশ বেড়ে রেকর্ড ১১.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যার ৫৮ শতাংশই এসেছে ডাটা সেন্টার ব্যবসা থেকে। তবে রাইজেন প্রসেসরের শক্তিশালী বিক্রির কারণে পিসি ও ক্লায়েন্ট ব্যবসা খাতে আয় ২৩ শতাংশ বেড়েছে। লিসা সু জানান, সব ধরনের বাজারে এআই প্রযুক্তির বিশাল চাহিদার ফলে আগামী বছরগুলোতেও তাদের রাজস্ব ও আয় বৃদ্ধি অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করছেন।