যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেটের সম্পাদক জাডা জোন্স অ্যাপল কারপ্লের এমন তিনটি ফিচারের কথা তুলে ধরেছেন, যা সাধারণত অনেক ব্যবহারকারীর অগোচরেই থেকে যায়। এই ফিচারগুলো ব্যবহারের ফলে চালককে গাড়ি চালানোর সময় বারবার স্মার্টফোনের দিকে তাকাতে হয় না, যা ড্রাইভিং অভিজ্ঞতাকে নিরাপদ ও কার্যকর করে তোলে।
উইজেট ব্যবহার
কারপ্লে কানেক্ট করার পর হোম স্ক্রিনে বাম দিকে সোয়াইপ করলে উইজেটগুলো দেখা যায়। আইফোন সেটিংস থেকে কারপ্লে অপশনে গিয়ে পছন্দমতো উইজেট কাস্টমাইজ করা সম্ভব। এর মাধ্যমে আবহাওয়া, ঘড়ি বা ক্যালেন্ডারের ইভেন্টগুলো সহজেই দেখা যায়। এছাড়া স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণের মতো সুবিধাগুলোও যুক্ত করা যায়, যা ড্রাইভিংয়ের সময় বাড়তি মনোযোগ ছাড়াই কাজ করতে সহায়তা করে।
ক্যালেন্ডার ও ম্যাপস ইন্টিগ্রেশন
ক্যালেন্ডারে কোনো ইভেন্টের সাথে ঠিকানা যুক্ত থাকলে অ্যাপল ম্যাপস স্বয়ংক্রিয়ভাবে সেই লোকেশন শনাক্ত করতে পারে। এতে গাড়িতে ওঠার পরপরই গন্তব্যের দিকনির্দেশনা শুরু করা সহজ হয়। সময় বাঁচানো এবং দ্রুত যাত্রা শুরুর ক্ষেত্রে এই সমন্বয়টি অত্যন্ত কার্যকর।
ইটিএ শেয়ার করা
ম্যাপস ব্যবহারের সময় চালক চাইলে তার গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় বা ইটিএ (ETA) পরিচিত কাউকে পাঠাতে পারেন। এতে চালককে ফোন স্পর্শ না করেই অন্যজনকে নিজের অবস্থান সম্পর্কে জানানো সম্ভব। গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই শেয়ারিং প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যা গোপনীয়তা বজায় রাখতেও সহায়ক।