যুক্তরাষ্ট্রের বোট নির্মাতা প্রতিষ্ঠান মাস্টারক্রাফট তাদের পন্টুন বোটের নতুন মডেলে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে। মাস্টারক্রাফট বোট হোল্ডিংসের এই উদ্যোগে ক্রিস্ট এবং ব্যালিস সাব-ব্র্যান্ডের নতুন বোটগুলোতে জলপথে ভ্রমণের জন্য উন্নত নেভিগেশন ও স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করা হবে। আগামী মাস থেকে বাজারে আসা নতুন মডেলগুলোতে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।
জলপথের নেভিগেশন সুবিধার জন্য এই বোটগুলোতে ডিফল্ট হিসেবে স্যাভি ন্যাভি অ্যাপ ব্যবহার করা হবে। এর মাধ্যমে বোট চালকরা টু-ডি এবং থ্রি-ডি ম্যাপ, স্মার্ট রাউটিং, মেরিনা ও হারবারের অবস্থান এবং নৌযান চলাচলের রিয়েল-টাইম তথ্য পাবেন। এছাড়া লাইভ ইটিএ (প্রত্যাশিত সময়) এবং লোকেশন শেয়ারিংয়ের মতো সুবিধাও থাকবে এতে।
স্যাভি ন্যাভি-র সিইও জেল্টে লিব্রান্ড জানিয়েছেন, বোট চালকরা দীর্ঘদিন ধরে আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেমের দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই প্রযুক্তির ফলে ঘরে বসে ভ্রমণের পরিকল্পনা করে সরাসরি বোটের হেলমে সেটি ব্যবহার করা সম্ভব হবে।
মাস্টারক্রাফটের ক্রিস্ট কনকুয়েস্ট এবং ব্যালিস ক্যারিবিয়ান মডেলগুলোতে এই সুবিধাগুলো থাকবে। ফোন কানেক্ট করার পর ব্লুটুথ বা তারের মাধ্যমে চালকরা তাদের প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়া এই বোটের ক্রেতারা স্যাভি ন্যাভি প্রিমিয়াম সংস্করণের বিশেষ ফিচারগুলো ব্যবহারের সুযোগ পাবেন। মাস্টারক্রাফট জানিয়েছে, ২০২৭ সালের মডেলগুলো থেকে তারা নিয়মিতভাবে এই প্রযুক্তি সরবরাহ করবে।