যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আর্থ গার্ডেন নামক একটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এর ফিচার লেখক টেরেন্স ও’ব্রায়েন জানান, এই ওয়েবসাইটটি মূলত ফ্রি সাউন্ড (Freesound) প্ল্যাটফর্মের সংগ্রহ থেকে পরিবেশগত শব্দ নিয়ে একটি ভার্চুয়াল গ্লোব তৈরি করেছে।
রেডিও গার্ডেনের মতো এই প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা গ্লোব ঘোরানোর মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের প্রাকৃতিক শব্দ শুনতে পান। এতে আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপের ঢেউয়ের শব্দ, তানজানিয়ার ঝিঁঝিঁ পোকার ডাক কিংবা ম্যানহাটনের রাস্তায় বৃষ্টির শব্দের মতো বাস্তব অডিও রেকর্ড যুক্ত করা হয়েছে।
প্ল্যাটফর্মটির শব্দগুলো ফ্রি সাউন্ড থেকে নেওয়া হওয়ায় সেগুলোর গুণগত মান ও ভলিউম কিছুটা ভিন্ন হতে পারে। বর্তমানে এই সংগ্রহে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্যের শব্দের আধিক্য বেশি। তবে ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয়ভাবে গ্লোব ঘুরিয়ে বিভিন্ন স্থানের শব্দ শোনার পাশাপাশি আবহসংগীত হিসেবে ড্রোন সাউন্ড যোগ করার সুযোগ পান।
প্রকৃতির শান্ত শব্দ বা কর্মক্ষেত্রের একঘেয়েমি কাটাতে যারা অডিওর ওপর মনোযোগ দিতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি চিত্তাকর্ষক মাধ্যম হিসেবে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।