জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬ প্রযুক্তি মেলায় বুক্স তাদের নতুন ই-রিডার ‘পিক্কো’ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। এটি কোম্পানির ছোট আকারের ই-রিডার হিসেবে পরিচিত, যা নভেম্বরে বাজারে আসার কথা রয়েছে। ডিভাইসটির মূল্য কত হবে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।
ডিভাইসটির নকশা ও বৈশিষ্ট্য
পিক্কোতে ৩.৯৭ ইঞ্চির টাচস্ক্রিন ই-পেপার ডিসপ্লে রয়েছে। এক্সটেইঙ্ক ডিভাইসের মতো এতে পেছনে কোনো ম্যাগনেট বা চুম্বক থাকছে না। এতে পেজ উল্টানোর জন্য আলাদা ফিজিক্যাল বোতাম রাখা হয়েছে, যা শর্ট এবং লং প্রেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
সংরক্ষণ ও সংযোগ
পিক্কোতে অভ্যন্তরীণ কোনো স্টোরেজ নেই। বই পড়ার জন্য এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে। তবে ব্যবহারকারীরা ইউএসবি-সি পোর্ট বা ওয়াইফাইয়ের মাধ্যমে কম্প্যানিয়ন অ্যাপ ব্যবহার করে সরাসরি বই বা ফাইল স্থানান্তর করতে পারবেন। এক্সটেইঙ্ক ডিভাইসে ইউএসবি-সি সুবিধাটি ছিল না।
সফটওয়্যার ও অন্যান্য
বুক্সের অন্যান্য ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকলেও, পিক্কো চলবে লিনাক্স-ভিত্তিক হালকা অপারেটিং সিস্টেমে। এতে টাইমার, টু-ডু লিস্ট এবং রিডিং স্ট্যাটাস ট্র্যাকারের মতো কিছু মৌলিক অ্যাপ অন্তর্ভুক্ত থাকবে। তবে ডিভাইসটি ওপেন সোর্স কি না তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
ডিভাইসটির ব্যাটারি লাইফ, ব্লুটুথ সাপোর্ট বা অডিওবুক শোনার ব্যবস্থা থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য নভেম্বরে আনুষ্ঠানিক লঞ্চের সময় প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।