ফ্রান্সের প্যারিসে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ডিওর তাদের নতুন ফল ২০২৬ মেকআপ কালেকশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ব্র্যান্ডটির মেকআপ বিভাগের ক্রিয়েটিভ অ্যান্ড ইমেজ ডিরেক্টর পিটার ফিলিপস এই কালেকশনটি তৈরি করেছেন, যা আগামী ১৫ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে। ডিওরের এই নতুন কালেকশনের নাম রাখা হয়েছে ‘লাকি ক্লোভার’।
ডিওর মেকআপের ক্রিয়েটিভ অ্যান্ড ইমেজ ডিরেক্টর পিটার ফিলিপসের মতে, এই কালেকশনটি মূলত খ্রিস্টান ডিওরের সৌভাগ্য চিহ্ন থেকে অনুপ্রাণিত। এতে প্রকৃতিতে শরতের রঙের পরিবর্তন ও গভীর বনের আবহকে তুলে ধরা হয়েছে।
এই কালেকশনের প্রধান মুখ হিসেবে কাজ করছেন ফরাসি-ইতালীয় মডেল ও অভিনেত্রী দেভা ক্যাসেল। এতে মূলত সবুজ ও গোলাপি রঙের প্রাধান্য দেখা গেছে।
কালেকশনে কী থাকছে
এই কালেকশনের অন্যতম আকর্ষণ হলো ‘ডিওরশো ৫ কুলারস আইশ্যাডো প্যালেট’। এতে চর্মড গ্রিন ও লাকি রোজউড নামে দুটি নতুন কালার অপশন থাকছে, যার ওপর চার পাতার ক্লোভারের নকশা খোদাই করা হয়েছে। এছাড়া ওয়াটারপ্রুফ আইলাইনারের নতুন শেড হিসেবে যুক্ত হয়েছে পার্লি গ্রিন।
ঠোঁটের সাজের জন্য থাকছে ডিওর অ্যাডিক্ট লিপস্টিক, যার দুটি নতুন শেড গ্রিগরি (টাউপ) এবং উইশেস (প্লাম) বাজারে আসবে। পাশাপাশি রুজ ডিওর লিপস্টিকে তালিসমান ও ফরচুনেট নামের দুটি নতুন শেড যুক্ত হয়েছে।
ত্বকের উজ্জ্বলতার জন্য থাকছে দুটি নতুন শেডের রুজ ব্লাশ এবং নখের সাজে যোগ হচ্ছে চর্ম ও লাকি নামের নতুন দুটি নেল পলিশ। প্রতিটি পণ্যের প্যাকেজিংয়ে ডিওরের বিখ্যাত ক্যানেজ প্যাটার্ন ও চার পাতার ক্লোভারের চিহ্ন ব্যবহার করা হয়েছে।