যুক্তরাজ্যের ফ্যাশন ব্র্যান্ড জেড লন্ডন ধূমপানকে উৎসাহিত করার দায়ে দেশটির বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটির (এএসএ) তোপের মুখে পড়েছে। ব্র্যান্ডটি তাদের একটি মার্কেটিং ইমেইলে একজন মডেলের হাতে জ্বলন্ত সিগারেটসহ ছবি ব্যবহার করেছিল, যা নিয়ে অভিযোগ ওঠার পর এএসএ তা নিষিদ্ধ করেছে। ব্র্যান্ডটির পোশাক বিয়ন্সে এবং কাইলি জেনারের মতো তারকাদের পরতে দেখা গেলেও, এই ঘটনা তাদের নৈতিক বিপণন নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছে।
এএসএ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, বিজ্ঞাপনটি অত্যন্ত স্টাইলিশ ছিল এবং মডেলকে বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছিল। ছবিটিতে একজন নারীকে ছুটির মেজাজে দেখা যায়, যার হাতে একটি সরু সিগারেট ছিল এবং তাতে জ্বলন্ত ছাইও দেখা যাচ্ছিল। সংস্থাটির মতে, এটি ধূমপানকে একটি আকর্ষণীয় জীবনধারার অংশ হিসেবে উপস্থাপন করেছে, যা সামাজিক দায়িত্বশীলতার পরিপন্থী।
ব্র্যান্ডটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ওই ছবিতে সিগারেটটি মূল আলোচনার বিষয় ছিল না এবং সেটি খুব একটা স্পষ্টও ছিল না। তবে এএসএ-এর নির্দেশনার পর জেড লন্ডন কর্তৃপক্ষ ভবিষ্যতে কোনো বিজ্ঞাপনে ধূমপানের ছবি ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছে।
২০১৩ সালে জেড ও গ্রান্ট গোল্ডেন কর্তৃক প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। ব্র্যান্ডটির পক্ষ থেকে ধূমপানবিরোধী সচেতনতা মেনে চলার আশ্বাস দেওয়া হলেও, তাদের ইনস্টাগ্রাম ফিডে এখনো ধূমপানের ছবিসহ অন্যান্য পোস্ট রয়েছে। এএসএ জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো নির্দিষ্ট পোস্ট নিয়ে অভিযোগ পেলে তবেই তারা আনুষ্ঠানিক তদন্ত করবে।