যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সের প্রোডাক্ট প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন নিকিতা বিয়ার। কোম্পানির পক্ষ থেকে যোগদানের এক বছরের মাথায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নিজেই। নিকিতা বিয়ার জানিয়েছেন, তিনি এখন থেকে পদত্যাগ করলেও কোম্পানির উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন।
নিকিতা বিয়ার গত এক বছরে এক্সের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। প্ল্যাটফর্মটির বিভিন্ন আলোচিত পরিবর্তনের পেছনে তাঁর ভূমিকা ছিল। বিশেষ করে ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার চালুর ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের দেশীয় অবস্থান জানা সম্ভব হয়। এছাড়া নির্মাতাদের জন্য এক্সের আয়ের প্রোগ্রাম বা মনিটাইজেশন ব্যবস্থা ঢেলে সাজাতেও তিনি কাজ করেছেন। বিশেষ করে প্ল্যাটফর্মে ভুয়া এনগেজমেন্ট এবং অন্যের কনটেন্ট কপি করার প্রবণতা কমাতে তাঁর উদ্যোগগুলো বেশ আলোচিত ছিল।
নিজের প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বিয়ার উল্লেখ করেন, এই অ্যাপ পরিচালনা করা ২৪ ঘণ্টার কাজ এবং এখন তাঁর কিছুটা বিরতি প্রয়োজন। তবে তিনি নতুন কোনো কাজের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি।
এক্স কোম্পানিতে যোগ দেওয়ার আগে নিকিতা বিয়ার কিশোর-কিশোরীদের উপযোগী দুটি বেনামি মেসেজিং অ্যাপ তৈরি করেছিলেন। এর মধ্যে ২০১৭ সালে ফেসবুক তাঁর পোলিং অ্যাপ ‘টিবিএইচ’ এবং ২০২৩ সালে ডিসকর্ড তাঁর ‘গ্যাস’ অ্যাপটি কিনে নেয়। পরবর্তী সময়ে উভয় অ্যাপই বন্ধ করে দেওয়া হয়।
নিকিতা বিয়ারের উত্তরসূরি কে হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। তবে এক্সের ডিজাইন বিভাগের প্রধান বেঞ্জি টেইলর জানিয়েছেন, তিনি ডিজাইন বিভাগের নেতৃত্বের পাশাপাশি বিয়ারের রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিতে সাহায্য করবেন।