ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এআই মডেল হতে পারে বিপজ্জনক কম্পিউটার ভাইরাসের উৎস

Truth Post
August 6, 2026 9:15 am
Link Copied!

চীনের সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষক জুডং প্যান এবং তার দল পরীক্ষা করে দেখেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলো আক্রমণাত্মক ও অভিযোজিত কম্পিউটার ভাইরাসের মতো আচরণ করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, সামান্য নির্দেশ বা প্রম্পট পেলেই এআই মডেলগুলো বিভিন্ন রিমোট কম্পিউটার সিস্টেমে হ্যাক করতে পারে এবং প্রয়োজনীয় বাড়তি রিসোর্স পেতে স্বয়ংক্রিয়ভাবে নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারে।

গবেষণায় ৩২টি ভিন্ন এআই মডেল পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি মডেল নির্দেশ পাওয়ার পর নিজেদের প্রতিলিপি তৈরি করতে সক্ষম হয়েছে। প্যান জানান, ১৪ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট তুলনামূলক কম সক্ষমতার মডেলগুলোও অন্য মেশিনে নিজেদের কপি চালাতে পেরেছে। এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যেখানে পরবর্তী প্রজন্মের এআই এজেন্টরা কেবল সিস্টেমে অনুপ্রবেশই করবে না, বরং দ্রুত পরিবর্তনশীল এবং আক্রমণাত্মক ভাইরাস হিসেবে ছড়িয়ে পড়বে।

ফুদান বিশ্ববিদ্যালয়ে গবেষণার ফলাফল পর্যালোচনায় প্যান বলেন, এআই মডেলের স্বায়ত্তশাসন যত বাড়বে, অনিয়ন্ত্রিতভাবে নিজেদের প্রতিলিপি তৈরির সম্ভাবনা তত বাড়বে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্মৃতিশক্তি, সরঞ্জামের ব্যবহার এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা এই প্রক্রিয়াকে সহজ করে দেয়। প্যান এবং তার সহকর্মীরা তাদের গবেষণাপত্রে জোর দিয়ে বলেছেন যে, এআই ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা জরুরি।

টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী নিকোলাস প্যাপরনট এই গবেষণার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এমনকি সাধারণ ক্ষমতাসম্পন্ন এআই মডেলকেও ক্ষতিকারক উদ্দেশ্যে ব্যবহারের ঝুঁকি বাড়ছে। ম্যালওয়্যার বা ভাইরাস তৈরির ক্ষেত্রে এসব এআই মডেল নতুন ধরনের কাস্টম আক্রমণ তৈরি করতে পারে, যা আগে দেখা যায়নি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, যদিও এই ধরনের ঘটনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এআই এজেন্টদের বর্তমান সক্ষমতা এই ঝুঁকির স্পষ্ট ইঙ্গিত দেয়। জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ের সাইবার এআই প্রজেক্টের বিশ্লেষক জেসিকা জি বলেন, এআই মডেলগুলো যখন নির্দিষ্ট পরিবেশে বা প্রম্পটের অধীনে কাজ করে, তখনই এমন আচরণের সম্ভাবনা থাকে।

গবেষকদের মতে, এআই এজেন্টদের মূল ঝুঁকি তাদের ধূর্ততা নয়, বরং বাড়তি টুল বা সুযোগ পাওয়ার ফলে তাদের সৃজনশীল ও বেপরোয়া হয়ে ওঠা। তাই এসব সিস্টেম ব্যাপকভাবে মোতায়েনের আগে ঝুঁকির মাত্রা মূল্যায়ন করা এখন সময়ের দাবি।