যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট (সিএসএএম) সম্বলিত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের (টিটিপি) গবেষকরা ফেসবুক, থ্রেডস, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে এমন ৫০টিরও বেশি বিজ্ঞাপনের সন্ধান পেয়েছেন, যা মেটার নিজস্ব নীতিমালার সরাসরি লঙ্ঘন।
গবেষকদের দাবি, এই বিজ্ঞাপনগুলোতে শিশুদের ছবি এবং যৌন উস্কানিমূলক টেক্সট ব্যবহার করা হয়েছে। টিটিপির পরিচালক কেটি পল জানিয়েছেন, এই কনটেন্টগুলো কোনো সাধারণ ব্যবহারকারীর পোস্ট নয়, বরং মেটার অনুমোদনের মাধ্যমেই বিজ্ঞাপন হিসেবে প্রচারিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শেষ থেকে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে এসব বিজ্ঞাপন প্রচার করা হয়। এর মধ্যে অনেকগুলো বিজ্ঞাপন বিভিন্ন অ্যাপের দিকে নির্দেশ করছিল, যা ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে ব্যবহৃত হয়।
মেটার বিজ্ঞাপন নীতি অনুযায়ী, শিশুদের যৌন শোষণ বা বিপন্ন করে এমন কনটেন্ট কঠোরভাবে নিষিদ্ধ। কোম্পানিটি দাবি করেছে, তাদের অটোমেটেড টুলস এই ধরনের কনটেন্ট শনাক্তে কাজ করে। তবে প্রশ্ন উঠেছে যে, কোম্পানির নিজস্ব রিভিউ প্রক্রিয়ার পরও কীভাবে এই বিজ্ঞাপনগুলো লাইভ হলো।
মেটার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই ধরনের কনটেন্ট নিয়ে অত্যন্ত সতর্ক। অধিকাংশ বিজ্ঞাপন খুব সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছেছে এবং টিটিপির পক্ষ থেকে জানানোর আগেই অনেকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কোম্পানিটি আরও জানায়, তারা এখন নতুন এআই প্রযুক্তি ব্যবহার করছে যা আপলোডের সময় এই ধরনের আপত্তিকর বিজ্ঞাপন শনাক্ত করতে সক্ষম।
এর আগে গত জুলাই মাসে ভারতে ইনস্টাগ্রামে একই ধরনের আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছিল। এছাড়া এপ্রিল মাসে প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যর্থ হওয়ায় মেটার বিরুদ্ধে মামলা করেছিল কনজ্যুমার ফেডারেশন অফ আমেরিকা।