যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গেমিং পণ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান করসেয়ার নতুন দুটি গেমিং কিবোর্ড এবং একটি গেমিং মাউস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই পণ্যগুলোর নতুন ফিচার এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা গেমিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন কিবোর্ডগুলোর মধ্যে রয়েছে স্কিফ ১০০ এবং স্কিফ ১০০ প্লাস। দুটি মডেলেই রোটারি ডায়াল সুবিধা রাখা হয়েছে, যা জটিল মেনু ব্যবহার ছাড়াই দ্রুত ভলিউম নিয়ন্ত্রণ বা ট্র্যাক পরিবর্তনের সুযোগ দেয়। এছাড়া এতে ১০-জোন আরজিবি লাইটিং এবং আরামদায়ক ডিটাচেবল রিস্ট রেস্ট রয়েছে। স্কিফ ১০০ প্লাস মডেলে ছয়টি বিশেষ প্রোগ্রামযোগ্য জি-কি যুক্ত করা হয়েছে, যা গেমের কমান্ড ও ম্যাক্রো সেট করার কাজে ব্যবহৃত হবে। কিবোর্ডগুলো পিসি, ম্যাক, এক্সবক্স ও প্লেস্টেশনের সঙ্গে সফটওয়্যার ছাড়াই কাজ করতে সক্ষম। স্কিফ ১০০-এর দাম ৬০ ডলার এবং স্কিফ ১০০ প্লাস-এর দাম ৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
করসেয়ার নতুন হারপুন ভি২ নামের একটি ওয়্যারলেস গেমিং মাউসও বাজারে এনেছে। দীর্ঘ সময় গেমিংয়ের কথা মাথায় রেখে এটি অ্যাসিমেট্রিক এরগোনোমিক ডিজাইনে তৈরি করা হয়েছে। এতে মার্কসম্যান ২৬কে সেন্সর এবং ছয়টি প্রোগ্রামযোগ্য বাটন রয়েছে। মাউসটির সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি সক্ষমতা, যা এক চার্জে ১৪০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এর দাম রাখা হয়েছে ৭০ ডলার এবং এটি পিসি ও ম্যাক ডিভাইসে সরাসরি ব্যবহারযোগ্য।
প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে ট্র্যাক রেসার নামক একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে। ট্র্যাক রেসার মূলত হাই-এন্ড রেসিং ককপিট এবং ফ্লাইট সিমুলেশন সরঞ্জাম তৈরির জন্য পরিচিত। এর আগে করসেয়ার ফ্যানাটেক নামক আরেকটি সিমুলেশন রেসিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে কিনে নিয়েছিল।