যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল কর্তৃপক্ষ তাদের ম্যাপস অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ও উন্নত সংস্করণ যুক্ত করার ঘোষণা দিয়েছে। এ পরিবর্তনের ফলে গুগল ম্যাপস কেবল দিকনির্দেশনা দেওয়ার সীমাবদ্ধতা কাটিয়ে ব্যবহারকারীর দৈনন্দিন পরিকল্পনা ও বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সহায়তা করবে। গুগল জানিয়েছে, নতুন এই ‘আস্ক ম্যাপস’ (Ask Maps) ফিচারে এজেন্টিক টুলস যুক্ত করা হয়েছে, যা হোটেল অনুসন্ধান, খাবার অর্ডার এবং স্থানীয় অনুষ্ঠানের টিকিট কাটার কাজ সহজ করবে।
নতুন এই প্রযুক্তির আওতায় ব্যবহারকারীরা এখন সাধারণ কথাবার্তার মতোই ম্যাপসকে তাদের চাহিদার কথা জানাতে পারবেন। উদাহরণস্বরূপ, কোনো রেস্তোরাঁ খোঁজার সময় আলাদাভাবে প্রতিটি তালিকায় ক্লিক না করে ব্যবহারকারী তার পছন্দের খাবারের কথা বললে ম্যাপস নিজেই উপযুক্ত রেস্তোরাঁ খুঁজে দেবে। এমনকি উবার ইটস বা টোস্টের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপের ভেতরেই খাবার অর্ডারের কার্ট সাজিয়ে ফেলা সম্ভব হবে। ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রেও ব্যবহারকারী হোটেল বা থাকার জায়গার চাহিদার কথা বললে গুগল ম্যাপস প্রাপ্যতা ও মূল্য যাচাই করে বুকিংয়ের বিকল্প প্রদান করবে।
পার্সোনাল ইন্টেলিজেন্স বা ব্যক্তিগত বুদ্ধিমত্তা ফিচারটি এই আপডেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে এটি জিমেইল এবং গুগল ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণ করতে পারবে। এর ফলে ব্যবহারকারীর ক্যালেন্ডারে কোনো কনফারেন্স বা ইমেইলে ভ্রমণের তথ্য থাকলে, ম্যাপস স্বয়ংক্রিয়ভাবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে হোটেল বা গন্তব্যের পরামর্শ দেবে।
বিনোদনমূলক কাজের জন্যও এই ফিচারটি কাজে লাগবে। ব্যবহারকারী চাইলে ওইদিন সন্ধ্যায় আশেপাশে কী কী কনসার্ট বা কমেডি শো রয়েছে তা জানতে পারবেন এবং সরাসরি টিকিট কেনার লিংকে প্রবেশ করতে পারবেন। বর্তমানে এই নতুন সুবিধাগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাচ্ছেন। গুগলের মতে, এই পরিবর্তনের মাধ্যমে গুগল ম্যাপস দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে।