নরওয়ের একটি স্পেসপোর্ট থেকে ইউরোপের প্রথম সম্পূর্ণ বাণিজ্যিক কক্ষপথের রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে জার্মানির মহাকাশ প্রযুক্তি কোম্পানি ইসার অ্যারোস্পেস। এই রকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল মেটজলার জানিয়েছেন, এই সফলতার মাধ্যমে ইউরোপ মহাকাশ গবেষণার ক্ষেত্রে নিজস্ব সার্বভৌম প্রবেশাধিকার নিশ্চিত করেছে। এটি বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য মহাকাশে যাওয়ার ক্ষেত্রে নতুন এক বিকল্প পথ তৈরি করল।
এর আগে গত মার্চ মাসে কোম্পানিটি রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছিল। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। উৎক্ষেপণের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় রকেটটি সমুদ্রের পানিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়েছিল। এবার দুই ধাপের স্পেকট্রাম রকেটটি সফলভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়েছে।
ইউরোপ এতদিন মহাকাশ অভিযানের জন্য মূলত অ্যারিয়ানস্পেস এবং অ্যাভিওর ওপর নির্ভরশীল ছিল, যা মূলত সরকারি অর্থায়নে পরিচালিত। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, অনেক ইউরোপীয় দেশ এখন যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করতে দ্বিধা বোধ করছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সয়ুজ রকেট ব্যবহারের পথও ইউরোপের জন্য বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের নীতিতে ‘ইউরোপীয় পণ্য কেনার’ বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে, যেখানে ইসার অ্যারোস্পেসের এই সাফল্য নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।