যুক্তরাষ্ট্রের অভিভাবকদের জন্য ডিজিটাল লেনদেনের নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল ওয়ালেট। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা ১৮ বছরের কম বয়সী সন্তানদের জন্য আলাদা ব্যালেন্স তৈরি করে দিতে পারবেন। এর ফলে সন্তানরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই তাদের অ্যান্ড্রয়েড ফোন বা পরিধানযোগ্য ডিভাইসের (ওয়্যার ওএস স্মার্টওয়াচ) মাধ্যমে কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবে।
গুগল ফ্যামিলি লিংক বা গুগল ওয়ালেট ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকরা এই ব্যালেন্স ব্যবস্থাপনা করবেন। অভিভাবকরা চাইলে সন্তানের জন্য দৈনিক খরচের সীমা নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়া কোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ওয়ালেটের ব্যালেন্স লক বা আনলক করার সুযোগও থাকছে। প্রতিটি কেনাকাটার লেনদেনের ইতিহাসও অভিভাবকরা সহজেই দেখতে পাবেন।
নিরাপত্তা ও সীমার বিষয়ে গুগল জানিয়েছে, কোনো শিশু নির্ধারিত সীমার বেশি খরচ করলে পরের দিন পর্যন্ত লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সর্বোচ্চ ৪ হাজার ডলার পর্যন্ত ব্যালেন্স রাখা যাবে এবং সাত দিনে সর্বোচ্চ ২ হাজার ডলার যোগ করা সম্ভব। যদি কোনো ডিভাইস হারিয়ে যায়, তবে মূল অ্যাকাউন্ট বন্ধ না করেই ওই নির্দিষ্ট ডিভাইস থেকে ওয়ালেট ব্যালেন্স মুছে ফেলার সুযোগ রয়েছে।
এই নতুন ব্যবস্থার ফলে অভিভাবকরা তাদের মূল ব্যাংক অ্যাকাউন্টের সাথে সন্তানদের সরাসরি সংযুক্ত না করেই লেনদেনের সুযোগ দিতে পারছেন। এর ফলে শিশুরা ডিজিটাল স্টোর বা গেমের ভেতরে হুটহাট কেনাকাটা থেকে বিরত থাকবে এবং অভিভাবকদের দেওয়া সীমার মধ্যেই ব্যয় করবে।