যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ওয়্যারড-এর প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে ‘এজ প্যানেল’ নামের একটি বিশেষ ফিচার রয়েছে, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করে তোলে। এটি মূলত একটি কাস্টমাইজযোগ্য শর্টকাট বার, যা দিয়ে ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপ এবং ফিচারে দ্রুত প্রবেশ করা যায়।
এজ প্যানেল কীভাবে কাজ করে
এই ফিচারটি উইন্ডোজের স্টার্ট মেনু বা ম্যাকওএস-এর ডকের মতো কাজ করে। এটি সক্রিয় থাকলে ফোনের স্ক্রিনের একপাশে একটি সরু লাইন দেখা যায়, যা স্লাইড করলে প্যানেলটি উন্মুক্ত হয়। ফোনের সেটিংস মেনু থেকে ডিসপ্লে অপশনে গিয়ে সহজেই এটি চালু করা যায়। এতে অ্যাপস, পিপল, টাস্ক, ওয়েদার, টুলস, ক্লিপবোর্ড এবং রিমাইন্ডার—এই সাতটি ভিন্ন প্যানেল যুক্ত করার সুযোগ রয়েছে।
কাস্টমাইজেশন ও সুবিধা
ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী প্যানেলগুলো সাজিয়ে নিতে পারেন। অ্যাপস প্যানেলের মাধ্যমে পছন্দের অ্যাপগুলো দ্রুত খুঁজে পাওয়া যায়, আবার টাস্ক প্যানেল ব্যবহার করে সহজেই স্ক্রিনশট নেওয়া বা অ্যালার্ম সেট করা সম্ভব। এছাড়া ক্লিপবোর্ড প্যানেল থেকে কপি করা তথ্যের দ্রুত অ্যাক্সেস পাওয়া যায়।
সেটিংস অপশন থেকে হ্যান্ডেল বাটন ব্যবহার করে স্ক্রিনে প্যানেলের অবস্থান, আকার ও স্বচ্ছতা পরিবর্তন করা যায়। ভিডিও দেখা বা গেম খেলার সময় বিরক্তি এড়াতে ল্যান্ডস্কেপ মোডে এটি বন্ধ রাখার সুবিধাও রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে লক স্ক্রিনে এটি লুকানোর সুযোগও রেখেছে স্যামসাং।