যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল কর্তৃপক্ষ তাদের বার্ষিক হার্ডওয়্যার ইভেন্টের ঘোষণা দিয়েছে, যা ৯ সেপ্টেম্বর প্যাসিফিক সময় সকাল ১০টায় শুরু হবে। টিপ কুকের বিদায়ের পর নতুন সিইও জন টার্নাসের অধীনে এটিই প্রথম বড় আয়োজন হওয়ায় প্রযুক্তি বিশ্বে এটি বেশ গুরুত্বপূর্ণ। অ্যাপল তাদের নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি এবং অ্যাপল টিভি প্লাস সার্ভিসের মাধ্যমে ইভেন্টটি সরাসরি সম্প্রচার করবে।
ইভেন্টটি ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। গুঞ্জন অনুযায়ী, অ্যাপল তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে, যার সম্ভাব্য মূল্য প্রায় ২ হাজার ডলার হতে পারে। এছাড়া আইফোন ১৮ প্রো, আইফোন প্রো ম্যাক্স, অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর মতো প্রিমিয়াম পণ্যগুলো এই ইভেন্টের মূল আকর্ষন হতে পারে।
উৎপাদন খরচ বৃদ্ধি এবং মেমোরি সংকটের কারণে বেস মডেলের আইফোন ১৮-এর মুক্তি ২০২৭ সালের বসন্ত পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে নতুন এয়ারপডস এবং এআই-চালিত সিরি ফিচারের ঘোষণা নিয়েও জল্পনা রয়েছে। তবে নতুন আইপ্যাড, ম্যাক বা হোম ডিভাইসের জন্য গ্রাহকদের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
নাইন-ইলেভেনের ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর আইফোনের প্রি-অর্ডার কার্যক্রম সাধারণত সময়ের চেয়ে একদিন দেরি করে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। ইভেন্টের পরপরই আইওএস ২৭ এবং ম্যাকওএস ২৭-এর চূড়ান্ত সংস্করণ উন্মোচনের সম্ভাবনা রয়েছে।