যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই পানি ও বাতাসের মতো তরলের প্রাকৃতিক আচরণ ব্যাখ্যাকারী ২০০ বছরের পুরনো গাণিতিক সমস্যা ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের সমাধানের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানের গবেষক সেবাস্তিয়ান বুবেক জানিয়েছেন, নিজস্ব এআই মডেল ব্যবহার করে এই কঠিন সমস্যাটি সমাধান করা হয়েছে। গণিতের এই জটিল সমস্যার সমাধান এআই গবেষণায় নতুন মাইলফলক হিসেবে গুরুত্বপূর্ণ।
তবে এই ঘোষণার পরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গণিতবিদ ত্রিস্টান বাকমাস্টার অভিযোগ করেছেন, তিনি এবং অ্যানথ্রপিক প্রতিষ্ঠানের গবেষক লেভেন্ট আল্পোজের কাজের অগ্রগতির বিষয়টি জানার পর ওপেনএআই তড়িঘড়ি করে নিজেদের গবেষণায় বাড়তি সম্পদ বিনিয়োগ করে। তার দাবি, ওপেনএআই তাদের কাজের তথ্য ব্যবহার করেছে এবং কৃতিত্ব পাওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
বাকমাস্টারের ভাষ্যমতে, তিনি গত সপ্তাহে ওপেনএআইয়ের কাছে তাদের কোডেক্স লগ ব্যবহার করা হয়েছে কি না জানতে চেয়েছিলেন। তিনি আরও দাবি করেন, ওপেনএআই তাকে প্রস্তাব দিয়েছিল যেন তিনি এমন একটি গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে সমাধানের কৃতিত্ব ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মডেলকে দেওয়া হয়, কিন্তু সেখানে লেভেন্ট আল্পোজের নাম বাদ দেওয়া হয়।
ওপেনএআইয়ের গবেষক সেবাস্তিয়ান বুবেক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাইরের কারো কাজ দেখার সুযোগ তাদের ছিল না এবং তাদের সমাধান পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। কোম্পানিটি জানিয়েছে, তারা আল্পোজ ও বাকমাস্টারের পূর্ববর্তী কাজের গুরুত্ব স্বীকার করে এবং তাদের অভিনন্দন জানায়। তবে এই সমাধানের কৃতিত্ব ও মৌলিকতা নিয়ে বিতর্ক আপাতত অব্যাহত রয়েছে।