যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেনএআই জানিয়েছে, এখন থেকে চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীরা কোনো খরচ ছাড়াই আনলিমিটেড বা অসীম টেক্সট চ্যাট করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, যা এআই চ্যাটবট ব্যবহারের অভিজ্ঞতাকে সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য করে তুলবে।
চ্যাটজিপিটির ফ্রি সংস্করণে প্রতিদিন চ্যাট করার একটি নির্দিষ্ট সীমা ছিল, যা অতিক্রম করলে ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতো। এখন টেক্সট চ্যাটের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। তবে ছবি তৈরি, ফাইল আপলোড এবং ভয়েস টুলের ব্যবহারের ক্ষেত্রে আগের মতো সীমা বহাল থাকবে।
নতুন আপডেট অনুযায়ী, ফ্রি ও প্রিমিয়াম উভয় ব্যবহারকারীর জন্য ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে ‘জিপিটি-৫.৬ লুনা’। এটি আগের মডেলের তুলনায় অনেক বেশি নির্ভুল। ওপেনএআইয়ের দাবি, নতুন এই মডেলে তথ্যের ভুল ৬২ শতাংশ পর্যন্ত কমেছে। এছাড়া জটিল প্রশ্নের উত্তর সহজে পাওয়ার জন্য প্ল্যাটফর্মটিতে নতুন ‘থিংক’ বাটন যুক্ত করা হয়েছে।
প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলটিতে গবেষণার কাজ, পরিকল্পনা করা এবং সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলোতে আরও দক্ষতা আনা হয়েছে। এছাড়া প্রম্পটের মান নিয়ন্ত্রণের জন্য একটি স্লাইডার টুল যুক্ত করা হয়েছে। লুনার আপডেট এই সপ্তাহ থেকেই পাওয়া যাচ্ছে, তবে আনলিমিটেড চ্যাট ও অন্যান্য ফিচার আগামী সপ্তাহে চালু হবে।
অতিরিক্ত এআই ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ওপেনএআই জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের জন্য তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বা গার্ডরেল তৈরি করেছে। এটি অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোমান্টিক রোলপ্লে বা বয়স অনুপযোগী চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দেবে।