জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য সায়েন্স অফ লাইট এবং কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সূর্যের আলো ব্যবহার করে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট তৈরি করেছেন। এতদিন ধারণা করা হতো, এই প্রক্রিয়ার জন্য লেজারের মতো বিশেষ আলোর উৎসের প্রয়োজন। এই উদ্ভাবন কোয়ান্টাম প্রযুক্তিতে জ্বালানি সাশ্রয়ী ও সহজলভ্য সমাধানের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক চেং লি জানান, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও উন্নত কম্পিউটিংয়ের জন্য অপরিহার্য। সূর্যের মতো প্রাকৃতিক আলোর উৎস ব্যবহার করে এই প্রযুক্তি বাস্তবায়িত করা সম্ভব হলে তা কোয়ান্টাম প্রযুক্তিকে আরও accessible বা সহজলভ্য করবে।
সাধারণত কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের জন্য লেজার ব্যবহার করা হয়, কারণ লেজারের আলো সুসংগত বা কোহেরেন্ট। তবে গবেষকরা প্রমাণ করেছেন, সূর্যের আলো অগোছালো বা ইনকোহেরেন্ট হওয়া সত্ত্বেও এটি দিয়ে উচ্চমানের এনট্যাঙ্গেলমেন্ট তৈরি করা সম্ভব। এই গবেষণার ফলাফল অপটিকা জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষকরা সূর্যের আলোকে একটি বিশেষ শঙ্কু আকৃতির সোলার কনসেন্ট্রেটরের মাধ্যমে সংগ্রহ করে একটি সরু অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অতি ক্ষুদ্র একটি নন-লিনিয়ার ক্রিস্টালে চালনা করেন। এই প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে প্রায় ৯৪ শতাংশ নিখুঁত এনট্যাঙ্গেলমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছেন তারা।
এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো সূর্যের আলোকে কাজে লাগিয়েই নিরাপদ এনক্রিপশন কি (key) তৈরি করতে পারবে। এতে করে স্যাটেলাইটের নিজস্ব লেজার যন্ত্রপাতির ওপর নির্ভরশীলতা কমবে এবং পুরো কোয়ান্টাম প্রযুক্তি আরও সাশ্রয়ী হয়ে উঠবে।