ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও

কিশোর বয়সে গাঁজা সেবনে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির বিকাশ ধীর হওয়ার ঝুঁকি


August 8, 2026 9:00 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে এক গবেষণায় দেখা গেছে, যেসব কিশোর-কিশোরী গাঁজা সেবন শুরু করে, তাদের স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তির বিকাশ সেইসব কিশোর-কিশোরীদের তুলনায় ধীর হয়ে পড়ে যারা গাঁজা সেবন করে না। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর গবেষকরা এই তথ্য জানিয়েছেন। কৈশোরের মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়ে এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের শেখার ক্ষমতা ও দৈনন্দিন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে গবেষকরা উল্লেখ করেছেন।

নিউরোসাইকোপার্মাকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় ১১ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের মস্তিষ্কের বিকাশের ওপর পরিচালিত দীর্ঘমেয়াদী বড় একটি গবেষণা প্রকল্প।

গবেষণার প্রধান লেখক ও সান দিয়েগো স্কুল অব মেডিসিনের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক নাতাশা ওয়েড বলেন, কৈশোর মস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময়। যারা গাঁজা সেবন শুরু করে, তাদের বিকাশের হার অন্য সহপাঠীদের মতো স্বাভাবিক থাকে না। এই পার্থক্যগুলো শুরুতে ছোট মনে হলেও সময়ের সঙ্গে তা স্মৃতিশক্তি ও সামগ্রিক কার্যক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

গবেষণার পদ্ধতি ও ফলাফল
গবেষকরা নয় থেকে দশ বছর বয়সী ১১ হাজার ৩৬ জন শিশুর ওপর সাত বছর ধরে নজর রাখেন। এই সময়ে তাদের জ্ঞানীয় সক্ষমতা এবং গাঁজা বা অন্যান্য মাদক গ্রহণের তথ্য সংগ্রহ করা হয়। চুল, মূত্র এবং লালার নমুনা পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মাদক ব্যবহারের মাত্রা নিশ্চিত করা হয়।

ফলাফলে দেখা যায়, গাঁজা সেবনকারী কিশোরদের স্মৃতিশক্তি, মনোযোগ, ভাষা এবং দ্রুত চিন্তাশক্তির বিকাশের হার অন্যদের তুলনায় কম। অনেক ক্ষেত্রে গাঁজা সেবন শুরুর আগে তাদের পারফরম্যান্স স্বাভাবিক থাকলেও, সেবন শুরুর পর থেকে তাদের জ্ঞানীয় উন্নতির গতি কমে যায়।

টিএইচসির প্রভাব
গবেষণায় অংশগ্রহণকারী কিশোরদের মধ্যে যারা টেট্রাহাইড্রোকানাবিনল বা টিএইচসি (THC) গ্রহণ করেছিল, তাদের স্মৃতিশক্তির অবনতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। গবেষকরা জানিয়েছেন, গাঁজার মধ্যে থাকা টিএইচসি স্মৃতিশক্তি হ্রাসের প্রধান কারণ হতে পারে। যদিও ক্যানাবিডিওল (CBD) এর ক্ষেত্রে একই ধরনের ফলাফল পাওয়া যায়নি, তবে গবেষকরা সতর্ক করেছেন যে, অনেক সময় সিবিডি লেবেলযুক্ত পণ্যেও টিএইচসি থাকতে পারে।

গবেষণার সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা
গবেষকরা বলছেন, এই ফলাফলের মানেই এই নয় যে গাঁজা সরাসরি মস্তিষ্কের বিকাশের এই ধীর গতির একমাত্র কারণ। পরিবেশগত পরিস্থিতি, পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং ব্যক্তিত্বের মতো অন্যান্য বিষয়গুলোও এখানে প্রভাব ফেলতে পারে। তবে বয়সের সঙ্গে সঙ্গে গাঁজা সেবন যে মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে, তা নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত গবেষণার পরিকল্পনা রয়েছে গবেষক দলের।