যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সায়েদের বিরোধিতা করে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের ঘোষণা দিয়েছেন দলের দীর্ঘদিনের নেতা জুলিয়ান এপস্টেইন। বিল ক্লিনটনের শাসনামলে হাউজ জুডিশিয়ারি কমিটির প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করা এপস্টেইন দাবি করেছেন, ডেমোক্র্যাটিক পার্টি তাদের নৈতিক অবস্থান হারিয়েছে এবং চরম বামপন্থার দিকে ঝুঁকে পড়েছে।
নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক নিবন্ধে এপস্টেইন তার এই সিদ্ধান্তের কথা জানান। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি দল ত্যাগ করছেন কারণ বর্তমান ডেমোক্র্যাটিক পার্টিতে সংবিধান রক্ষা ও দেশ গড়ার চেয়ে সম্পদ পুনর্বণ্টন এবং উগ্র মতাদর্শের চর্চাই প্রাধান্য পাচ্ছে।
এপস্টেইন বলেন, ডেমোক্র্যাটিক পার্টি এখন এমন কিছু মানুষের হাতে চলে গেছে যাদের তিনি ‘উন্মাদ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, দলটি মধ্যপন্থী ভোটারদের চেয়ে অনেক বেশি বাম দিকে চলে গেছে। তিনি আরও বলেন, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স একজন বাস্তববাদী মানুষ এবং বর্তমান প্রেক্ষাপটে তিনিই যোগ্য প্রার্থী।
সিনেট দৌড়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী আব্দুল এল-সায়েদের কঠোর সমালোচনা করে এপস্টেইন বলেন, তিনি এমন সব মতাদর্শের সঙ্গে নিজেকে যুক্ত করছেন যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। বিশেষ করে ইসরায়েল-বিরোধী অবস্থান এবং উগ্র রাজনৈতিক ব্যক্তিদের প্রশ্রয় দেওয়ার বিষয়গুলো নিয়ে তিনি তীব্র আপত্তি জানান।
বিশ্লেষকদের মতে, এপস্টেইনের এই দলত্যাগ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তার মতো আরও অনেক ডেমোক্র্যাট নেতা অদূর ভবিষ্যতে দল থেকে বেরিয়ে আসতে পারেন।