বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের জরিমানার হাত থেকে বাঁচতে নিজেদের সার্চ সেবায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) বা নীতিমালা লঙ্ঘনের দায়ে গত গ্রীষ্মে কোম্পানিটির ওপর ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গুগল দাবি করেছে, এই নিয়ম মানতে গিয়ে ইউরোপের ব্যবহারকারীদের জন্য তাদের সার্চ সেবার মান কমিয়ে আনতে হচ্ছে।
কেন এই পরিবর্তন
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ ছিল, গুগল সার্চের ফলাফলে নিজেদের অন্যান্য সেবাকে অগ্রাধিকার দিয়ে বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট করছে। ডিএমএ অনুযায়ী, কোনো বড় প্রযুক্তি কোম্পানি তাদের নিজস্ব সেবাকে তৃতীয় পক্ষের সেবার চেয়ে বেশি সুবিধা দিতে পারবে না। এর আগে ফ্লাইট বা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গুগল নিজেদের তথ্যকে তালিকার শীর্ষে রাখত, যা ডিএমএর নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে।
কী কী পরিবর্তন আসছে
নতুন পরিকল্পনায় সার্চের শীর্ষে এখন থেকে একটি বিশেষায়িত সার্চ ইঞ্জিনের ফলাফল দেখানো হবে এবং তার নিচে থাকবে আরও দুটি ছোট তালিকা। হোটেল, এয়ারলাইন বা রেস্তোরাঁ অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহারকারীরা আগে যে রিয়েল-টাইম দাম বা অন্যান্য তথ্য সরাসরি দেখতে পেতেন, নতুন ব্যবস্থায় তা সরিয়ে ফেলা হবে। ফলে ব্যবহারকারীদের এখন সরাসরি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পরিবর্তে বিভিন্ন অ্যাগ্রিগেটর বা তুলনামূলক সাইটগুলো আগে দেখতে হবে। তবে এই ফলাফলগুলো গুগলের অ্যালগরিদম দ্বারাই নির্ধারিত হবে বলে জানা গেছে।
প্রতিক্রিয়া
গুগলের নলেজ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক ফক্স এক বিবৃতিতে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো ইউরোপীয়দের জন্য সার্চ অভিজ্ঞতার মান কমিয়ে দেবে। তিনি দাবি করেন, এতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবহারকারীরা দৈনন্দিন কাজে প্রয়োজনীয় অনেক ফিচার থেকে বঞ্চিত হবেন। গুগল আগে থেকেই দাবি করে আসছে যে, ডিএমএ মেনে চলার কারণে ইউরোপীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সরাসরি বুকিং ট্রাফিক ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। নতুন এই আপডেটের ফলে এই হার আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।