যুক্তরাষ্ট্রের বাজারে মেটা আনুষ্ঠানিকভাবে তাদের নতুন এআই এজেন্ট ‘মিউজ’ (Muse) বাজারে এনেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একে ‘পারসোনাল এজেন্ট’ হিসেবে অভিহিত করেছেন, যা ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস ও লক্ষ্যগুলো বুঝে সেই অনুযায়ী কাজ করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এই নতুন সংযোজনটি প্রযুক্তি ব্যবহারকারীদের কাজের ধরন সহজ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
কিভাবে কাজ করে মিউজ
এজেন্টিক এআই বা জেনারেটিভ এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে মিউজ তৈরি করা হয়েছে। এটি সাধারণ চ্যাটবট থেকে আলাদা, কারণ এটি ব্যবহারকারীর হয়ে সরাসরি কাজ সম্পন্ন করতে পারে। অনুমতি সাপেক্ষে মিউজ অনলাইনে কেনাকাটা করা, প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা, বিভিন্ন ফর্ম পূরণ করা এবং ইমেইলের উত্তর দেওয়ার মতো কাজগুলো নিজে থেকেই করতে পারে। মেটা জানিয়েছে, এটি কোডিংয়ের মতো নির্দিষ্ট কাজের বাইরে সব ধরণের সাধারণ প্রয়োজনে ব্যবহারের উপযোগী একটি টুল।
সুরক্ষা ব্যবস্থা
এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে মেটা এতে ‘সেন্টিনেল’ (Sentinel) নামে একটি আলাদা নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে। মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের ভাইস প্রেসিডেন্ট তারেক শিয়াশা জানান, মিউজ একটি বিচ্ছিন্ন ভার্চুয়াল মেশিনে কাজ করে। প্রতিটি কাজের আগে সেন্টিনেল সেটিকে যাচাই করে অনুমতি দেয়, যা এআই এজেন্টের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি কমানোর চেষ্টা করে।
লভ্যতা ও পরবর্তী পরিকল্পনা
বর্তমানে মিউজ আইওএস, অ্যান্ড্রয়েড এবং প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে ব্যবহার করা যাচ্ছে। জাকারবার্গ জানিয়েছেন, প্রতি সপ্তাহে ১০০ মিলিয়ন টোকেন পর্যন্ত এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকবে। মেটা কর্তৃপক্ষ আগামীতে তাদের স্মার্ট গ্লাসেও এই এআই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়েছে।