যুক্তরাষ্ট্রের এআই মিউজিক জেনারেটর প্ল্যাটফর্ম সুনো তাদের নতুন ‘ভার্সন সিক্স’ (v6) এআই মিউজিক মডেলের পরিবার বাজারে এনেছে। ওয়ার্নার মিউজিক এবং বিএমজির মতো বড় বড় মিউজিক লেবেলের সহায়তায় এই মডেলগুলো প্রশিক্ষিত হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার জ্যাক ব্রোডি। প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো মিউজিক লেবেলের সঙ্গে সরাসরি অংশীদারত্বের ভিত্তিতে নতুন এআই সিস্টেম তৈরি করা হলো, যা সংগীত খাতে নতুন মাত্রা যোগ করতে পারে।
নতুন সিরিজের মডেলগুলো
সুনোর নতুন এই সিরিজের আওতায় তিনটি মডেল রয়েছে: ভি৬ (v6), ভি৬-ওয়াইল্ড (v6-wild) এবং ভি৬-মিনি (v6-mini)। এর মধ্যে ‘ভি৬’ হলো ফ্ল্যাগশিপ মডেল, যা বিভিন্ন জনরা ও শৈলীতে মানসম্পন্ন মিউজিক তৈরিতে সক্ষম। যারা প্রচলিত ধারার বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান, তাদের জন্য তৈরি করা হয়েছে ‘ভি৬-ওয়াইল্ড’। আর বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘ভি৬-মিনি’।
নতুন ফিচারের সক্ষমতা
নতুন এই মডেলগুলো আগের চেয়ে অনেক বেশি দ্রুতগতির। ব্যবহারকারীরা এখন থেকে স্বাভাবিক ভাষা ব্যবহারের মাধ্যমেই গানের নির্দিষ্ট অংশ এডিট করতে পারবেন। এছাড়া একাধিক সোর্স থেকে অডিও নিয়ে ম্যাশআপ তৈরি এবং টেক্সট প্রম্পটের মাধ্যমে নির্দিষ্ট বিট আইসোলেট করার সুযোগও যুক্ত হয়েছে। শুধু অডিও নয়, নতুন মডেলে ইমেজ এবং ভিডিও থেকে গান তৈরির সক্ষমতাও যোগ করা হয়েছে।
চুক্তি ও বৈধতা নিয়ে বিতর্ক
এর আগে ২০২৪ সালে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওয়ার্নার মিউজিকসহ বড় লেবেলগুলো সুনোর বিরুদ্ধে মামলা করেছিল। তবে ২০২৫ সালে ওয়ার্নার মিউজিক সেই মামলা তুলে নেয় এবং সুনোর সঙ্গে লাইসেন্সিং চুক্তি করে। ব্রোডির মতে, এই অংশীদারত্ব শিল্পী ও লেবেলগুলোর জন্য নতুন রাজস্ব আয়ের সুযোগ তৈরি করবে। তবে অতীতে সুনোর বিরুদ্ধে ইউটিউব ও ডিজার থেকে তথ্য চুরির অভিযোগ ওঠায়, পুরোনো মডেলগুলো সরিয়ে নতুন এই মডেলের মাধ্যমে বিতর্ক কাটিয়ে ওঠার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।