যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটা কর্তৃপক্ষ তাদের নতুন এআই এজেন্ট ‘মিউজ’ উন্মোচন করার পর ব্রিটিশ রক ব্যান্ড ‘মিউজ’-এর দীর্ঘদিনের ব্যবহৃত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো এই এআই এজেন্টের দখলে চলে গেছে। ব্যান্ডটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে মেটার এই পদক্ষেপে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ইউজারনেম দখলের ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
১৯৯৯ সাল থেকে মিউজ ব্যান্ডটি তাদের নামের ট্রেডমার্ক ব্যবহার করে আসছে এবং ইনস্টাগ্রাম ও এক্স প্ল্যাটফর্মে বহু বছর ধরে @muse হ্যান্ডেলটি তাদের দখলে ছিল। গত জুলাই মাসে ভক্তরা লক্ষ্য করেন, ইনস্টাগ্রামে ব্যান্ডটির ইউজারনেম বদলে @museband করা হয়েছে। এর কিছুদিন পরেই মেটা তাদের নতুন এআই এজেন্ট মিউজের জন্য @Muse হ্যান্ডেলটি ব্যবহার করা শুরু করে।
মেটা প্রধান মার্ক জাকারবার্গ যখন এআই এজেন্ট মিউজ সম্পর্কে প্রথম পোস্ট করেন, তখন ভুলবশত ব্যান্ডটির অ্যাকাউন্ট ট্যাগ করার ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমস-এর সাংবাদিক মাইক আইজ্যাকের মতে, অন্যান্য মেটা নির্বাহীদের পোস্টে ব্যান্ডটিকে ট্যাগ করার বিষয়টি ছিল একটি যান্ত্রিক ত্রুটি।
প্রযুক্তি ও সামাজিক অস্থিরতা নিয়ে গান লেখা ব্যান্ড মিউজের ভক্তরা তাদের প্রিয় ব্যান্ডের নাম এআই ফিচার হিসেবে ব্যবহারে হতাশা প্রকাশ করেছেন। মেটা অবশ্য এর আগেও এমন কর্মকাণ্ডে জড়িয়েছে। ২০২১ সালে ফেসবুক থেকে নাম পরিবর্তনের পর কোম্পানিটি ‘মেটা’ হ্যান্ডেলটি দখল করে নেয়, যা আগে একটি মোটরসাইকেল ম্যাগাজিন ব্যবহার করত। একইভাবে ২০২৩ সালে ‘থ্রেডস’ চালুর পর ছোট একটি ফ্যাশন ব্র্যান্ডের হাত থেকে হ্যান্ডেলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল মেটা।
মেটা আনুষ্ঠানিকভাবে ইউজারনেম কেনাবেচা বা হস্তান্তরের সুযোগ না দিলেও, প্রভাবশালী কোম্পানিগুলোর এমন কর্মকাণ্ডের কোনো সদুত্তর মেটার পক্ষ থেকে পাওয়া যায়নি। এর আগে টুইটার বা এক্সেও একই ধরনের ইউজারনেম পরিবর্তনের নজির রয়েছে।