যুক্তরাষ্ট্রের গেম নির্মাতা প্রতিষ্ঠান প্যানিক তাদের হ্যান্ডহেল্ড কনসোল প্লেডেটের জন্য সিজন ৩ শুরুর ঘোষণা দিয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিজনে প্রতি সপ্তাহে দুটি করে মোট আটটি গেম প্রকাশ করা হবে। বর্তমানে ৩৯ ডলার মূল্যে গেমগুলোর প্রি-অর্ডার চলছে।
প্যানিক আয়োজিত প্লেডেট আপডেট শোকেসে সিজন ৩-এর আটটি গেমের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সগি ফ্রগি, গ্লুম গেট, হাউম, সাউন্ড মাইন্ড, হেলিভেটর, বঙ্কহোপ, চান্সেস লাকি এস্কেপ ২ এবং ক্রস ওয়ার্ডস। গেমগুলো বিভিন্ন ডেভেলপার এবং স্টুডিওর তৈরি।
প্রকাশিত গেমগুলোর মধ্যে সগি ফ্রগি গেমটি মূলত ক্র্যাঙ্ক ব্যবহার করে খেলার উপযোগী। গ্লুম গেট একটি ওল্ড-স্কুল আরপিজি ঘরানার গেম, যেখানে সোলসলাইক এলিমেন্ট দেখা যাবে। অন্যদিকে হাউম একটি রহস্যময় ম্যানশনকে কেন্দ্র করে তৈরি পয়েন্ট-অ্যান্ড-ক্লিক অ্যাডভেঞ্চার গেম।
উল্লেখ্য, প্লেডেট সিজন ১ ডিভাইসের সাথে যুক্ত থাকে এবং এতে ২৪টি গেম অন্তর্ভুক্ত রয়েছে। সিজন ২-এ ছিল ১২টি গেম। সিজন ৩-এ গেমের সংখ্যা কম হলেও প্যানিক দাবি করেছে, গেমগুলোর মান এবং বিস্তারিত অনেক উন্নত হয়েছে। এছাড়া আগামী ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্লেডেট ক্যাটালগ ফল সেল অনুষ্ঠিত হবে, যেখানে ২০০টিরও বেশি গেমে ছাড় পাওয়া যাবে।