যুক্তরাষ্ট্রের ওপেনএআই চ্যাটজিপিটির জন্য জিপিটি-লাইভ নামে একটি উন্নত ভয়েস মোড চালু করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ব্যবহারকারীর কথোপকথনকে আরও স্বাভাবিক ও সাবলীল করে তুলবে। ওয়ানএআই-এর তথ্যমতে, এই নতুন ‘ফুল-ডুপ্লেক্স’ আর্কিটেকচারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের মতোই একই সাথে কথা শোনা ও বলার ক্ষমতা রাখে, যা একে আগের যেকোনো সংস্করণের চেয়ে বেশি কার্যকর করে তুলেছে।
নতুন এই প্রযুক্তির গুরুত্ব হলো, এটি আগেকার ভয়েস মোডের মতো ব্যবহারকারীর কথা শেষ হওয়ার অপেক্ষায় না থেকে তাৎক্ষণিক সাড়া দিতে পারে। ফলে কথোপকথনের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলবশত কথা বলা বা মাঝপথে থামিয়ে দেওয়ার সমস্যাটি আর থাকছে না। ব্যবহারকারী কথা বলার সময় চ্যাটজিপিটি এখন মানুষের মতোই ‘হুম’ বা ‘হ্যাঁ’ বলে সম্মতি প্রদান করে।
কিভাবে ব্যবহার করবেন
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের চ্যাটজিপিটি অ্যাপ এবং ওয়েব ব্রাউজারে জিপিটি-লাইভ মডেলটি পাওয়া যাচ্ছে। চ্যাটজিপিটি প্রো, প্লাস ও গো গ্রাহকরা জিপিটি-লাইভ-১ মডেল ব্যবহার করতে পারবেন, আর ফ্রি ব্যবহারকারীদের জন্য রয়েছে জিপিটি-লাইভ-১ মিনি মডেল। টেক্সট বক্সের ডানপাশে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে এই সেবাটি চালু করা যায়। প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে ডিভাইসের মাইক্রোফোনের অনুমতি প্রয়োজন হতে পারে।
কাস্টমাইজেশন ও সুবিধা
ভয়েস মোডে প্রবেশের পর স্ক্রিনে একটি ভাসমান গোলক দেখা যাবে। সেটিংস থেকে এই মডেলের বুদ্ধিমত্তার মাত্রা ইনস্ট্যান্ট, মিডিয়াম বা হাই পর্যায়ে সেট করা সম্ভব। তবে জিপিটি-লাইভ-১ মিনি মডেলে এই কাস্টমাইজেশনের সুবিধা নেই। এছাড়া ব্যবহারকারী চাইলে অ্যাপের সেটিংস থেকে পুরোনো ভয়েস মডেলে ফিরে যেতে পারবেন অথবা কণ্ঠস্বর ও ভাষা পরিবর্তন করতে পারবেন। জিপিটি-লাইভ বর্তমানে স্ক্রিন বা ভিডিও শেয়ারিং সুবিধা সমর্থন করে না।