ভারতের নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ না পাওয়ায় তারেক রহমান এই সম্মেলনে যোগ দিচ্ছেন না।
সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে ভারত পৌঁছেছেন। শুক্রবার ভোর ৪টায় দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে তার বিমান অবতরণ করে। ভারতের আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, সফরসূচি অনুযায়ী শুক্রবার দুপুর সাড়ে ৩টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে পুতিনের। এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেবেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের অধিকাংশ শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, ব্রিকস মূলত একটি আন্তর্জাতিক বিনিয়োগ কৌশল সংস্থা। একক কোনো দেশের আধিপত্য ছাড়াই বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সর্বোচ্চ বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ নিশ্চিত করাই এই সংস্থার মূল উদ্দেশ্য।