যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেট-এর প্রতিবেদনে সফটওয়্যার ফ্যাক্টরির বর্তমান অবস্থা ও এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। সফটওয়্যার উন্নয়নের প্রচলিত পদ্ধতিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাউডবিস-এর সিইও মরিজ প্লাসনিগ জানিয়েছেন, সফটওয়্যার উন্নয়নের ক্ষেত্রে কোডিং এক সময় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য দক্ষ প্রকৌশলী নিয়োগ করা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেলগুলো এই সংকট সমাধানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
সফটওয়্যার ফ্যাক্টরি মূলত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে অ্যাপ বা সফটওয়্যারের প্রোটোটাইপ জমা দিলে তা স্বয়ংক্রিয়ভাবে তৈরি, পরীক্ষা এবং সরবরাহের জন্য প্রস্তুত করা হয়। আগে এই ধারণাটি পরিচিত থাকলেও এআইয়ের কল্যাণে এখন তা আরও কার্যকর রূপ পেয়েছে। গুগল, ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গিটহাবের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এই একই কাঠামোর ওপর ভিত্তি করে তাদের প্রকৌশল ব্যবস্থা গড়ে তুলছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ জেমিন ওয়েস্টের মতে, বর্তমান সফটওয়্যার ফ্যাক্টরি মূলত ছয়টি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত। এর মধ্যে রয়েছে কিউ, কন্ট্রোল প্লেন, স্যান্ডবক্স, পুল রিকোয়েস্ট, ইভেন্ট স্ট্রিম এবং ডিউরেবল মেমোরি। এই কাঠামো ব্যবহারের ফলে ডেভেলপাররা শুধু কোড লেখার পরিবর্তে সফটওয়্যারের মান ও কার্যকারিতা যাচাইয়ের দিকে বেশি মনোযোগ দিতে পারছেন।
তবে সফটওয়্যার ফ্যাক্টরি মানেই যে সব সমস্যার সমাধান, তা কিন্তু নয়। জেমিন ওয়েস্ট সতর্ক করে বলেছেন, এআই দিয়ে কোড তৈরি করা সহজ হলেও সেই কোডের যথার্থতা যাচাই করা এখনো একটি বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ। তাই ফ্যাক্টরি পদ্ধতির ব্যবহারের ক্ষেত্রে মান নিশ্চিত করা এবং ত্রুটিমুক্ত সফটওয়্যার তৈরির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।