বাংলাদেশের রাজধানী ঢাকার মিন্টো রোডে অবস্থিত সরকারি বাসভবনে বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাতের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গ্যাস-বিদ্যুৎ সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার ও এলডিসি উত্তরণজনিত চ্যালেঞ্জ নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৈঠক শেষে বিজিএমইএ নেতারা জানান, দেশের ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান এবং ৩ হাজার উদ্যোক্তার ভাগ্য এই খাতের ওপর নির্ভরশীল। তবে গ্যাস ও বিদ্যুতের সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনাও তুলে ধরেন তারা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, বিরোধীদলীয় নেতা তাদের সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে পোশাক খাতের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতেই এই সভার আয়োজন করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক প্রয়োজন। তিনি জানান, জ্বালানিসহ অন্যান্য সংকট সমাধানে জামায়াতে ইসলামী প্রয়োজনে কারিগরি ও নীতিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ছাড়াও সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম রহমান ও অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেন।