যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) ভয়েজার ২ মহাকাশযানের আয়ু আরও এক বছর বাড়ানোর লক্ষ্যে একটি সফটওয়্যার আপডেট পাঠিয়েছে। প্রায় ১৩ বিলিয়ন মাইল দূর থেকে পাঠানো এই আপডেটের মাধ্যমে যানটির কার্যক্রম আরও এক বছর সচল রাখা সম্ভব হবে, যা মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রায় ৫০ বছর ধরে মহাকাশে থাকা এই যানটির শক্তির উৎস হলো রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। প্লুটোনিয়ামের ক্ষয়ের কারণে প্রতি বছর যানটি ৪ ওয়াট করে শক্তি হারাচ্ছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণের সময় এতে ১০টি বৈজ্ঞানিক যন্ত্র থাকলেও শক্তির সীমাবদ্ধতার কারণে এখন মাত্র তিনটি যন্ত্র চালু রাখা সম্ভব হয়েছে।
নাসা জানিয়েছে, ‘বিগ ব্যাং’ নামের এই বিশেষ অভিযানের মাধ্যমে নির্দিষ্ট কিছু পাওয়ার ডিভাইস বন্ধ করে কম শক্তির বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে মহাকাশযানটির অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এর ফলে ভয়েজার ২ আগামী বছর পর্যন্ত ইন্টারস্টেলার স্পেস বা আন্তঃনাক্ষত্রিক স্থানের তথ্য পাঠাতে পারবে।
ভয়েজার ২ ১৯৭৯ সালে বৃহস্পতি গ্রহে পৌঁছায় এবং পরবর্তী এক দশকের মধ্যে সৌরজগতের সব গ্যাস দানব গ্রহ পর্যবেক্ষণ করে। ২০১৮ সালে এটি হেলিওস্ফিয়ারের বাইরে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। সেখান থেকে এটি ক্রমাগত প্লাজমার ঘনত্ব এবং তাপমাত্রার তথ্য পৃথিবীতে পাঠাচ্ছে।