যুক্তরাষ্ট্রের গেম নির্মাতা প্রতিষ্ঠান সেবার ইন্টারঅ্যাকটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ কার্চ তাদের আসন্ন গেম ‘রাইডশেয়ার স্টিমুলেটর’-এ লেখকদের চ্যাটজিপিটি দিয়ে প্রতিস্থাপনের অভিযোগ অস্বীকার করেছেন। এই গেমটির উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে ইউনিজাইন। কার্চের দাবি, গেমটির মূল গল্পের পুরোটাই মানুষের লেখা, কেবল একটি পরীক্ষামূলক মোডে এআই ব্যবহার করা হয়েছে।
বিবাদের সূত্রপাত
গেমটির সাবেক প্রধান লেখক স্টেলা সাকো ব্লুস্কাই প্ল্যাটফর্মে দাবি করেন, উন্নয়নের মাঝপথে সেবার তাকে বাদ দিয়ে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছে। সাকোর অভিযোগ, গেমটিতে থাকা যাত্রীদের কথোপকথনগুলো এআই দ্বারা তৈরি। স্টিম প্ল্যাটফর্মে গেমটির তালিকাভুক্ত তথ্যেও এআই ব্যবহারের কোনো উল্লেখ নেই বলে তিনি জানান।
সেবারের অবস্থান
ম্যাথিউ কার্চ দ্য ভার্জকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, গেমটিতে একটি ফ্রি-রাইড মোড রয়েছে যেখানে যাত্রী সংখ্যা অসীম হওয়ায় প্রযুক্তির প্রয়োজনে এআই ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকেই গেমের মানোন্নয়ন ও এনপিসি আচরণের উন্নয়নে তারা এআই টুল ব্যবহার করছেন। কার্চের দাবি, তাদের ৩০০০ কর্মীর কেউই এআইয়ের কারণে চাকরি হারানোর ঝুঁকিতে নেই।
লেখকের প্রতিক্রিয়া
কার্চের বক্তব্যের প্রেক্ষিতে স্টেলা সাকো বলেন, একদিকে কোম্পানি বলছে গল্পের লেখক মানুষ, আবার অন্যদিক বলছে কম্পিউটারে টেক্সট লেখা হয়েছে, যা স্ববিরোধী। সাকোর মতে, তার লেখা অংশ এবং এআইয়ের লেখা অংশ একই গেমের অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো তার কাজকে এআই দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, যা সেবার কর্তৃপক্ষ ২০২৩ সালের ডিসেম্বরেই তাকে জানিয়েছিল।