যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের আসন্ন গেমিং কন্ট্রোলার এক্সবক্স এলিট সিরিজ ৩-এর একটি প্রোটোটাইপের ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা গেমারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রেডিট ব্যবহারকারী সাবারলেক্স (ssuberlex) দাবি করেছেন, তিনি ২০০ ডলারে এই প্রোটোটাইপ কন্ট্রোলারটি কিনেছেন। নতুন এই ডিভাইসে প্রথমবারের মতো একটি ছোট বিল্ট-ইন স্ক্রিন যুক্ত করা হয়েছে, যা এই কন্ট্রোলারটিকে আগের মডেলগুলোর চেয়ে আলাদা করে তুলেছে।
নতুন ফিচারের সম্ভাবনা
ফাঁস হওয়া ছবিতে কন্ট্রোলারের স্ক্রিনে এক্সবক্স ক্লাউড গেমিংয়ের আইকন দেখা গেছে। মে মাসে ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থার নথিতেও এলিট ৩ কন্ট্রোলারে নতুন স্ক্রল হুইল এবং এক্সবক্স ক্লাউড গেমিং সার্ভারের সাথে সরাসরি সংযোগের জন্য ওয়্যারলেস মোড থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নতুন ফাঁস হওয়া প্রোটোটাইপে সেই স্ক্রিনের পাশাপাশি একটি পেয়ারিং বাটনও দেখা যাচ্ছে, যা আগের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
মেরামতযোগ্য ও নতুন ডিজাইন
কন্ট্রোলারটির ব্যাটারি কম্পার্টমেন্টের ভেতরে একটি কিউআর কোড দেখা গেছে, যা নির্দেশ করে যে মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য ডিভাইসটি সহজে মেরামতযোগ্য করার উদ্যোগ নিয়েছে। এছাড়া এতে সহজলভ্য টর্ক্স টি৬ স্ক্রু ব্যবহার করা হয়েছে। যদিও কন্ট্রোলারটিতে নট ফর সেল (NOT FOR SALE) লেবেল লাগানো রয়েছে, যা স্পষ্ট করে এটি একটি প্রোটোটাইপ সংস্করণ। রেডিট ব্যবহারকারীর ভাষ্যমতে, কন্ট্রোলারটি বর্তমানে চালু হচ্ছে না, তবে এর বাহ্যিক গঠন এবং কিউআর কোডসহ নতুন মেরামত ব্যবস্থা একে আগের তুলনায় অনেক বেশি উন্নত করে তুলেছে।
বাজারে আসার সম্ভাবনা
দ্য ভার্জের তথ্যমতে, মাইক্রোসফটের নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই নতুন কন্ট্রোলারটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। যদিও মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এখনো এলিট ৩ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে ফাঁস হওয়া প্রোটোটাইপের এসব নতুন ফিচার গেমারদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।