যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টুইচ তাদের প্ল্যাটফর্মে নতুন একটি সেটিংস অপশন যুক্ত করেছে, যার মাধ্যমে স্ট্রিমাররা তাদের কনটেন্ট অ্যামাজনের জেনারেটিভ এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা থেকে বিরত থাকতে পারবেন। টুইচের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রিমাররা চাইলে তাদের স্ট্রিম, ভিডিও অন ডিমান্ড (ভিওডি), ক্লিপ এবং চ্যাট হিস্ট্রি এআই প্রশিক্ষণের বাইরে রাখতে পারবেন।
টুইচের সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, কোনো স্ট্রিমার এই অপশনটি চালু করলে তার চ্যানেলের ছবি, টেক্সট এবং অন্যান্য কনটেন্ট অ্যামাজনের এমন কোনো এআই মডেল তৈরিতে ব্যবহৃত হবে না, যা ভবিষ্যতে টেক্সট, অডিও, ছবি বা ভিডিও তৈরি করবে। এই সুবিধাটি টুইচের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ট্যাবের অধীনে ‘ট্রেনিং ফর জেনারেটিভ এআই’ নামক অপশনে পাওয়া যাচ্ছে।
তবে এই অপশনটি ব্যবহার করার অর্থ এই নয় যে, স্ট্রিমার প্ল্যাটফর্মের সব ধরনের এআই সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। টুইচের অন্যান্য এআই-নির্ভর টুল যেমন ক্যাপশন, অটোমড বা নিরাপত্তা সংক্রান্ত টুলগুলো আগের মতোই সচল থাকবে। এছাড়া প্ল্যাটফর্মের সামগ্রিক মনিটাইজেশন বা দর্শকের সুবিধার জন্য প্রয়োজনীয় এআই টুলগুলোও কার্যকর থাকবে।
টুইচ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো স্ট্রিমার যদি অন্য কারো চ্যানেলের চ্যাটে অংশগ্রহণ করেন, তবে ওই নির্দিষ্ট চ্যানেলের মালিকের এআই বিষয়ক সিদ্ধান্তই সেখানে কার্যকর হবে। অর্থাৎ, ওই চ্যানেলটি যদি তাদের কনটেন্ট এআই প্রশিক্ষণের জন্য অনুমতি দিয়ে থাকে, তবে চ্যাটগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতে পারে।