যুক্তরাষ্ট্রের গুগল রিসার্চের বিজ্ঞানীরা একটি পুরুষ ফ্রুট ফ্লাই বা ফল মাছির মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ম্যাপ তৈরি করার পরপরই সেটি দিয়ে ভিডিও গেম খেলার ঘটনা সামনে এসেছে। গুগল এবং এইচএইচএমআই জেনেলিয়া রিসার্চের গবেষকরা মাছির মস্তিষ্কের ১১ হাজার ৭০০ ধরনের স্নায়ু ও মোট ১ লাখ ৬৬ হাজার নিউরনের ম্যাপ তৈরি করেন, যা এখন পর্যন্ত সবচেয়ে জটিল নিউরন ম্যাপিংয়ের রেকর্ড।
গবেষণাটিতে মাছির মস্তিষ্কের পাতলা অংশগুলো নিয়ে সেগুলোর থ্রিডি ইমেজ তৈরি করা হয়েছে। এই ম্যাপ ব্যবহার করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালেক্স ওয়ারমুথ একটি সিমুলেটেড ফ্লাই ব্রেইন বা মাছির মস্তিষ্কের অনুলিপি তৈরি করেছেন, যা ১৯৯৩ সালের বিখ্যাত ফার্স্ট পারসন শ্যুটার গেম ‘ডুম’ খেলতে পারে।
সিমুলেটেড মস্তিষ্কটি গেমের প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী মাছির পরবর্তী পদক্ষেপ ঠিক করে। গেমের প্রতিটি ফ্রেমে থাকা আলোর উজ্জ্বলতা এবং রঙের ইনপুট মাছির মস্তিষ্কের ২৫.৬ মিলিয়ন সংযোগে আঘাত করে। এই প্রক্রিয়ায় সিমুলেটেড মস্তিষ্কটি গেমের নিয়ন্ত্রণ গ্রহণ করে। গবেষক জানিয়েছেন, গেম খেলার সময় মাছির মস্তিষ্কে কোনো মানুষের সহায়তা নেওয়া হচ্ছে না।
বর্তমানে ডুম ছাড়াও সুপার মারিও ৬৪, বিট সেবার, ফুটবল খেলা এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মতো বিভিন্ন জটিল কাজ এই সিমুলেটেড মস্তিষ্কের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে। নিউরোসায়েন্সের গবেষণার অংশ হিসেবে এই ম্যাপিং করা হলেও প্রযুক্তিপ্রেমীদের কাছে এটি বিনোদনের নতুন ক্ষেত্র তৈরি করেছে।