যুক্তরাষ্ট্রের গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের আলোচিত গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬) নিয়ে গেমিং বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গেমটি মুক্তির আগেই প্রায় ৯০ শতাংশ প্রি-অর্ডারকারী ৯৯.৯৯ ডলার মূল্যের আলটিমেট এডিশন কিনছেন। স্ট্যান্ডার্ড এডিশনের চেয়ে ২০ ডলার বেশি মূল্যের এই সংস্করণটি কেনা কতটা যৌক্তিক, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আপাতত স্ট্যান্ডার্ড সংস্করণ কেনাই শ্রেয়, কারণ গেম মুক্তির পর যেকোনো সময় বাড়তি টাকা দিয়ে আলটিমেট সংস্করণে আপগ্রেড করার সুযোগ থাকছে।
আলটিমেট এডিশনের বিশেষত্ব
আলটিমেট এডিশনে গেমাররা বাড়তি পাঁচটি শপ, যেমন রাইডআউট কাস্টমস এবং ইলেকট্রিক ফ্যাং ট্যাটু পার্লার ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া পিটিটি ইয়াংগিনস কম্পাউন্ডের মতো নতুন সাইড মিশন এবং বিশেষ গাড়ি ও অস্ত্র কেনার সুযোগ রয়েছে। রকস্টার গেমস জানিয়েছে, এসব বোনাস গেমের বিভিন্ন অধ্যায় পার হওয়ার সাথে সাথে উন্মুক্ত হবে। তাই প্রথম দিনেই বাড়তি সুবিধাগুলো না পেলেও গেমে অগ্রসর হওয়ার সাথে সাথে সেগুলো পাওয়ার সুযোগ থাকবে।
বর্তমান বাজারের চিত্র
সেন্সর টাওয়ারের তথ্যমতে, প্লেস্টেশনে ৮৮.৫ শতাংশ এবং এক্সবক্সের প্রি-অর্ডারের ৯০ শতাংশই আলটিমেট এডিশন। সাধারণত প্রিমিয়াম সংস্করণের চাহিদা ১০ থেকে ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু জিটিএ ৬-এর ক্ষেত্রে এই হার নজিরবিহীন। টেক-টু ইন্টার্যাকটিভের সিইও স্ট্রস জেলনিক প্রি-অর্ডারের এই ঝোঁক স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেননি। গেমটি নভেম্বরে মুক্তি পাওয়ার পর ক্যাজুয়াল গেমারদের অংশগ্রহণে এই অনুপাত ৫০/৫০ অবস্থানে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেন অপেক্ষা করা ভালো?
অন্যান্য গেমের প্রিমিয়াম সংস্করণে সাধারণত আগে খেলার (আর্লি অ্যাকসেস) সুবিধা পাওয়া যায়, কিন্তু জিটিএ ৬-এর ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই। গেমাররা চাইলে স্ট্যান্ডার্ড সংস্করণ কিনে পরে আলটিমেট সংস্করণে আপগ্রেড করতে পারবেন। বাড়তি খরচ করার আগে গেমটির অতিরিক্ত সাইড মিশন ও শপগুলো কতটা প্রয়োজনীয়, তা যাচাই করার সুযোগ থাকায় তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।