যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডনেট-এর প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের অ্যাসিস্ট্যান্ট পরিষেবাটি বন্ধ করার পরিকল্পনা করছে। এর বিকল্প হিসেবে জেমিনি (Gemini) সবার পছন্দ না হওয়ায় অনেকেই বিকল্প খুঁজছেন। এই পরিস্থিতিতে প্রযুক্তি লেখক জ্যাক ওয়ালেন ‘ডিসিও’ (Dicio) নামের একটি ফ্রি এবং ওপেন সোর্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
ডিসিও মূলত অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এর বড় সুবিধা হলো, এটি ব্যবহারকারীর ইনপুট বা নির্দেশগুলো সরাসরি ডিভাইসের ভেতরেই প্রসেস করে, যার ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত থাকে। গুগলের ক্লাউড সার্ভারে তথ্য পাঠানোর ঝুঁকি এতে নেই।
অ্যাপটি দিয়ে আবহাওয়া সম্পর্কে জানা, ইন্টারনেট সার্চ, গান খোঁজা, অ্যাপ ওপেন করা, অ্যালার্ম সেট করা এবং কল করার মতো সাধারণ কাজগুলো অনায়াসেই করা যায়। তবে এর সীমাবদ্ধতাও আছে। বর্তমানে ডিসিও অ্যান্ড্রয়েড অটোর (Android Auto) সঙ্গে কাজ করতে পারে না এবং ভয়েস কমান্ডের মাধ্যমে ইমেইল বা মেসেজ পাঠানোর সুবিধা এতে নেই।
অ্যাপটি ইনস্টল করা বেশ সহজ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর মাইক্রোফোন পারমিশন এবং স্পিচ-টু-টেক্সট ফাইলসহ প্রয়োজনীয় এআই মডেল ডাউনলোড করলেই এটি ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। ডেভেলপাররা নিয়মিত অ্যাপটি নিয়ে কাজ করছেন, ফলে ভবিষ্যতে এতে নতুন ফিচার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে যারা গুগল অ্যাসিস্ট্যান্টের বিকল্প এবং গোপনীয়তা রক্ষাকারী কোনো টুল খুঁজছেন, তাদের জন্য ডিসিও একটি কার্যকর সমাধান হতে পারে।