যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘মেড বাই গুগল’ ইভেন্টে গুগল তাদের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, স্মার্টওয়াচ এবং পার্সোনাল আইটেম ট্র্যাকার উন্মোচন করেছে। তবে বিশ্বজুড়ে চলমান র্যামের সংকট ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে গুগল কর্তৃপক্ষ নতুন এই ডিভাইসগুলোর দাম বাড়িয়ে নির্ধারণ করেছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রযুক্তি বাজারে মেমোরি ও অন্যান্য যন্ত্রাংশের সংকট ও উচ্চমূল্যের কারণে নতুন ফোনগুলোর দাম বাড়ানো ছাড়া তাদের কাছে বিকল্প ছিল না। এর আগে স্যামসাংও তাদের নতুন ফোল্ডেবল ফোনের মূল্যবৃদ্ধির পেছনে একই কারণ দর্শিয়েছিল।
পিক্সেল ১১ সিরিজের নতুন ফোনের দাম শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে, যা আগের পিক্সেল ১০-এর চেয়ে ১০০ ডলার বেশি। তবে এর সাথে ২৫৬জিবি স্টোরেজ থাকছে, যা আগের ১২৮জিবি ভার্সনের তুলনায় দ্বিগুণ। গুগল কর্তৃপক্ষ তাদের এন্ট্রি-লেভেল মডেল থেকে ১২৮জিবি স্টোরেজ অপশনটি সরিয়ে নিয়েছে।
পিক্সেল ১১ ও ১১ প্রো সিরিজের ক্ষেত্রে স্টোরেজের উপর ভিত্তি করে কিছু ভিন্নতা থাকলেও, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেল দুটির সব ভার্সনের দাম ১০০ ডলার করে বাড়ানো হয়েছে। এছাড়া নতুন ফোনের র্যামের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ২৫৬জিবি স্টোরেজের প্রোকো মডেলগুলোতে এখন ১২জিবি র্যাম দেওয়া হচ্ছে, যেখানে আগে ১৬জিবি র্যাম পাওয়া যেত। তবে কোম্পানিটি দাবি করেছে, সিলিকন ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ফলে ফোনগুলো আগের চেয়ে দ্রুত ও মসৃণ পারফরম্যান্স দেবে।
সবগুলো নতুন ফোন এখন প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত এবং আগামী ২০ আগস্ট থেকে এগুলো বাজারে পাওয়া যাবে। দামের তালিকায় পিক্সেল ১১ শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে, পিক্সেল ১১ প্রো ১,০৯৯ ডলার, পিক্সেল ১১ প্রো এক্সএল ১,২৯৯ ডলার এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড ১,৮৯৯ ডলার থেকে শুরু হচ্ছে।