যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ পিসিতে এমএসআই (মেসেজ সিগনালড ইন্টারাপ্টস) মোড হলো এমন একটি ফিচার, যা গ্রাফিক্স কার্ডের মতো হার্ডওয়্যারগুলোকে সিপিইউ-এর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। এটি ব্যবহারকারীদের কাছে অনেক সময় গেমের পারফরম্যান্স বাড়ানোর ‘হিডেন ফিচার’ হিসেবে পরিচিত হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সাধারণ ব্যবহারকারীদের এই সেটিংস নিয়ে কাজ না করাই ভালো।
এমএসআই মোড মূলত সিপিইউ-এর সঙ্গে হার্ডওয়্যারের যোগাযোগের পদ্ধতি। প্রথাগত লাইন-ভিত্তিক ইন্টারাপ্টের সীমাবদ্ধতা কাটিয়ে এটি মেমোরি অ্যাড্রেসে ছোট ভ্যালু লিখে সিগনাল পাঠায়। এতে প্রতিটি ইন্টারাপ্ট আলাদাভাবে চিহ্নিত থাকে, ফলে ডেটা সংঘর্ষ কমে এবং ইনপুট ল্যাটেন্সি কিছুটা হ্রাস পায়।
তবে এটি জিপিইউ-এর গেম রেন্ডারিং বা ফ্রেম রেট বাড়াতে সক্ষম নয়। বর্তমানে আধুনিক গ্রাফিক্স কার্ডের ড্রাইভারগুলোতে এমএসআই ডিফল্টভাবেই চালু থাকে। যদি কোনো হার্ডওয়্যারের নির্মাতা এটি বন্ধ রাখেন, তবে ব্যবহারকারীর জোরপূর্বক তা চালু করলে পিসি ক্রাশ করা বা ড্রাইভারে ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি থাকে। ডেল এবং মাইক্রোসফটের নথিপত্রেও এমন কিছু ত্রুটির উদাহরণ রয়েছে, যেখানে এমএসআই মোড সক্রিয় থাকায় এসএসডি-র কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়েছিল। তাই হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত সেটিংস পরিবর্তনের ঝুঁকি না নেওয়াই বাঞ্ছনীয়।