যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তাদের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটের ফলে কিছু ডিভাইসে অডিও সমস্যা দেখা দিচ্ছে। ৮ সেপ্টেম্বর প্রকাশিত কেবি৫১২৪০০৮ (KB5124008) সিকিউরিটি আপডেটের কারণে ইউএসবি অডিও ক্লাস ১.০ সমর্থিত ডিভাইসগুলো সঠিকভাবে কাজ করছে না। যারা এই আপডেটটি ইনস্টল করেছেন, তাদের অনেকে অডিও আউটপুট না পাওয়া, সাউন্ড সেটিংস কাজ না করা কিংবা ডিভাইসে এরর কোড ১০ দেখানোর মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কেন এই সমস্যা হচ্ছে
মাইক্রোসফটের তথ্যানুযায়ী, উইন্ডোজ ৯৮-এর আমলের পুরোনো ‘ইউএসবি অডিও ক্লাস ১.০’ ড্রাইভারে এই ত্রুটি দেখা দিচ্ছে। সাধারণত পুরোনো ইউএসবি স্পিকার, হেডফোন বা মাইক্রোফোনে এই ধরনের ড্রাইভার ব্যবহৃত হয়। আধুনিক ইউএসবি অডিও ক্লাস ২.০ ডিভাইসগুলোতে এই সমস্যাটি নেই।
সমাধানের উপায়
মাইক্রোসফট বর্তমানে এই ত্রুটি সংশোধনের জন্য কাজ করছে। তবে আপাতত ব্যবহারকারীরা চাইলে একটি বিকল্প উপায়ে সমস্যাটি সমাধান করতে পারেন। মাইক্রোসফটের পরামর্শ অনুযায়ী, অডিও ডিভাইস যদি মাল্টি-চ্যানেল মোডে (যেমন ৮-চ্যানেল বা থ্রিডি অডিও) থাকে, তবে তা ব্যর্থ হতে পারে। এক্ষেত্রে অডিও আউটপুট মোড পরিবর্তন করে ‘স্টেরিও’ (Stereo) মোডে সেট করলে সমস্যার সমাধান হতে পারে।
এটি করার জন্য কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ড অপশনে যেতে হবে। এরপর প্লেব্যাক ট্যাবে থাকা সংশ্লিষ্ট ইউএসবি ডিভাইসটি নির্বাচন করে কনফিগার বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে অডিও চ্যানেল হিসেবে ‘স্টেরিও’ নির্বাচন করে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করলেই অডিও আবার সচল হওয়ার কথা।