যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটা ডিসপ্লে গ্লাস ব্যবহারকারীদের গাড়ি চালানোর সময় মনোযোগ ধরে রাখতে অডিও অনলি বা কেবল অডিও মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মোড সক্রিয় করলে গ্লাসের ডিসপ্লে পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা চালককে বিভ্রান্তি থেকে মুক্ত রাখে। স্মার্ট গ্লাসের মাধ্যমে কল করা বা ভয়েস কমান্ডের সুবিধা বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি একটি ফিচার।
ড্রাইভিং ডিটেকশন সেটআপ
ব্যবহারকারীদের প্রতিবার গাড়ি চালানোর আগে ম্যানুয়ালি মোড পরিবর্তন করতে হবে না। ফোনের মেটা এআই অ্যাপে থাকা ড্রাইভিং ডিটেকশন ফিচারটি চালু রাখলে গ্লাস নিজেই সেন্সরের মাধ্যমে বুঝতে পারে ব্যবহারকারী গাড়িতে আছেন কি না। এটি সক্রিয় করার জন্য ফোনের অ্যাপে গিয়ে সেটিংস থেকে ডিভাইস সেটিংস নির্বাচন করতে হবে। সেখান থেকে অডিও অনলি এবং ড্রাইভিং ডিটেকশন অপশনটি চালু করে দিলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে বন্ধ থাকবে। গাড়ি থেকে নামার পর ডিসপ্লে পুনরায় সক্রিয় হবে। এছাড়া ভয়েস কমান্ড হিসেবে ‘হে মেটা, টার্ন অন অডিও অনলি’ বলেও এই মোড নিয়ন্ত্রণ করা যায়।
নেভিগেশনের জন্য সতর্কতা
মেটা ডিসপ্লে গ্লাসগুলো বর্তমানে গাড়ি চালানোর নেভিগেশনের জন্য ডিজাইন করা হয়নি। এগুলো কেবল পথচারীদের জন্য তৈরি করা হয়েছে এবং হাইওয়েতে ট্রাফিক আপডেট বা লেন গাইডেন্সের মতো জটিল তথ্য প্রদানে সক্ষম নয়। তাই গাড়ি চালানোর সময় ফোনের জিপিএস বা গাড়ির নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অডিও অনলি মোড ব্যবহারের ফলে নিরাপত্তার পাশাপাশি ব্যাটারি সাশ্রয় এবং স্ক্রিন থেকে সাময়িক বিরতি পাওয়াও সম্ভব।