যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে ফাইটার জেট ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান প্র্যাট অ্যান্ড হুইটনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা তাদের জনপ্রিয় এফ১০০ ফাইটার জেট ইঞ্জিন তৈরির লাইসেন্স হার্মিয়াস নামে একটি বিমান নির্মাতা স্টার্টআপ কোম্পানিকে প্রদান করেছে। প্র্যাট অ্যান্ড হুইটনির সামরিক ইঞ্জিন বিভাগের প্রেসিডেন্ট জিল আলবার্তেলি জানান, ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে প্রতিরক্ষা শিল্পখাতকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই চুক্তিটি করা হয়েছে।
প্র্যাট অ্যান্ড হুইটনি জানায়, বর্তমানে বিদ্যমান যুদ্ধবিমান এবং বিমানবাহিনীর কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পের মতো ভবিষ্যতের প্রজেক্টগুলোতে ইঞ্জিনের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণেই হার্মিয়াসের মতো প্রতিষ্ঠানের সাথে এই অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। চুক্তি অনুযায়ী, হার্মিয়াস এখন থেকে এফ১০০-পিডব্লিউ-২২৯ টার্বোফ্যান ইঞ্জিন উৎপাদনের সুযোগ পাবে, যা ১৯৯২ সাল থেকে এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানে ব্যবহৃত হয়ে আসছে।
হার্মিয়াসের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক শোর জানান, তাদের নিজস্ব উচ্চগতির কোয়াটারহর্স ড্রোন এই এফ১০০ ইঞ্জিন দ্বারা চালিত হয়। এই চুক্তির ফলে কোম্পানিটি তাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থায় এই ইঞ্জিন তৈরি করতে পারবে। তিনি আরও বলেন, তারা এই ইঞ্জিনের উৎপাদন প্রক্রিয়ায় নতুন কার্যকারিতা ও ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা খুঁজছেন।
উল্লেখ্য যে, ২০৩৪ অর্থবছর নাগাদ প্রতি বছর ১৮০টিরও বেশি ইঞ্জিনের চাহিদা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হার্মিয়াস তাদের মূল লক্ষ্য হিসেবে আকাশযান নির্মাণে মনোযোগ দিলেও, এই লাইসেন্সের মাধ্যমে তারা প্র্যাট অ্যান্ড হুইটনির সহযোগী হিসেবে ইঞ্জিন উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া কোম্পানিটি তাদের কিমেরা নামক টারবাইনভিত্তিক কম্বাইন্ড সাইকেল ইঞ্জিনের উন্নয়নেও কাজ করছে, যা ভবিষ্যতে হাইপারসনিক গতি অর্জনে ব্যবহৃত হবে।