যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউতে গুগল তাদের পিক্সেল ডিভাইসগুলোর জন্য নতুন আপডেট ঘোষণা করেছে, যা ব্যবহারকারীদের ভিআইপি বা প্রিয়জনদের সাথে যোগাযোগ আরও সহজ করবে। কোম্পানিটির তথ্য অনুযায়ী, পিক্সেল ৬ বা তার পরবর্তী মডেলগুলোতে এখন হোম স্ক্রিন থেকে সরাসরি প্রিয়জনদের টেক্সট বা কল করার জন্য উন্নত উইজেট সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বার্তা দেখার জন্য নতুন নোটিফিকেশন ব্যাজও যোগ করা হয়েছে।
স্ক্যাম শনাক্তকরণ ও সুরক্ষা
গুগল তাদের ইন-অ্যাপ এবং মেসেজ পরিষেবায় স্ক্যাম শনাক্তকরণ ব্যবস্থা সম্প্রসারণ করেছে। এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ভারত, জার্মানি, মেক্সিকো, জাপান এবং ফ্রান্সের ব্যবহারকারীরা বিভিন্ন চ্যাট অ্যাপে আসা প্রতারণামূলক মেসেজ সম্পর্কে সতর্কবার্তা পাবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন জি-বোর্ড কিবোর্ডের মধ্যেই এই স্ক্যামের সতর্কতা দেখতে পাবেন।
পিক্সেল ওয়াচের আপডেট
পিক্সেল ওয়াচ ৫ ডিভাইসের জন্য ওয়ার ওএস ৭ আপডেট নিয়ে এসেছে গুগল। এতে জেমিনি এআই ব্যবহারের সুবিধা আরও ব্যক্তিগতকৃত করা হয়েছে, যা অফলাইনেও কাজ করবে। এছাড়া জিপিএস রুট ট্র্যাকিং আরও নিখুঁত করা হয়েছে। নতুন আপডেটের ফলে ঘড়িতে এক হাতের ইশারা বা জেসচার কন্ট্রোল সুবিধা বেড়েছে। এখন ডাবল পিঞ্চের মাধ্যমে নোটিফিকেশন সেন্টার খোলা, জেমিনি রেসপন্স স্ক্রল করা এবং ওয়ালেট কার্ড ব্যবহারের মতো কাজগুলো আরও সহজে করা যাবে।
হ্যারি পটার থিম ও অডিওবুক
পিক্সেল ৬ এবং তার পরের মডেলগুলোর ব্যবহারকারীরা এখন হ্যারি পটার অডিওবুক প্যাক ব্যবহার করে ফোনের ওয়ালপেপার, আইকন এবং সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা অডিবল-এর দুই মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবেন।