যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি’ (এএসএ) নারীদের অবমাননা ও যৌন হয়রানিমূলক কনটেন্ট তৈরির সুযোগ দেওয়া পাঁচটি এআই অ্যাপের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র নিকি বেকার জানিয়েছেন, এই বিজ্ঞাপনগুলো নারীদের যৌনবস্তু হিসেবে উপস্থাপন এবং ক্ষতিকর লিঙ্গ বৈষম্যকে উসকে দিচ্ছিল, যা বাস্তব জীবনে ক্ষতির কারণ হতে পারে।
নিষিদ্ধ হওয়া বিজ্ঞাপনগুলোর মধ্যে একটিতে ১৮ বছরের কম বয়সী এক কিশোরীর যৌন আবেদনময় ছবি ব্যবহার করা হয়েছিল। এছাড়া অন্য বিজ্ঞাপনগুলোতে ব্যবহারকারীদের তাদের পরিচিত বা পছন্দসই ব্যক্তির ছবি আপলোড করে সেগুলোকে আপত্তিকর ভিডিওতে রূপান্তরের আহ্বান জানানো হয়েছিল। কোনো ধরনের সম্মতি ছাড়া নারীদের ছবি ব্যবহার করে এ ধরনের যৌন কনটেন্ট তৈরির প্রচার চালানো হচ্ছিল বলে এএসএ নিশ্চিত করেছে।
এএসএ তাদের এআই-চালিত ‘অ্যাক্টিভ অ্যাড মনিটরিং সিস্টেম’ ব্যবহার করে এই বিজ্ঞাপনগুলো শনাক্ত করেছে। সংশ্লিষ্ট অ্যাপ নির্মাতাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। মেটা কর্তৃপক্ষ অবশ্য আগেই তাদের প্ল্যাটফর্ম থেকে এই বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে।
নিকি বেকার জানান, নিয়ন্ত্রক সংস্থা এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বিজ্ঞাপন শনাক্ত হলে প্ল্যাটফর্ম এবং আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার ব্যবস্থাও রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে নারীদের সম্মতি ছাড়া ডিপফেক নগ্ন ছবি বা ভিডিও তৈরির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, যার সাথে সামঞ্জস্য রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।