বাংলাদেশের ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, মুডিসের রেটিংয়ে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তাও স্পষ্টভাবে ফুটে উঠেছে। বুধবার ১৬ সেপ্টেম্বর আয়োজিত এই সম্মেলনে তিনি সরকারের গত এক মাসের কার্যক্রম তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, যখন জনগণের দ্বারা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় আসে, তখন নীতিমালার ধারাবাহিকতা বজায় থাকে এবং আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা বৃদ্ধি পায়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের ব্যবসায়ী ও বিনিয়োগবান্ধব নীতি এবং প্রশাসনিক স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থা তৈরি করেছে, যা মুডিসের রিপোর্টে প্রতিফলিত হয়েছে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো ব্যক্তি নয়, অপরাধের দিকে তাকিয়ে দুদক তাদের নিয়ম অনুযায়ী তদন্ত পরিচালনা করবে। তিনি আরও বলেন, সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চায় এবং কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়।
জামায়াতে ইসলামীর লং মার্চ কর্মসূচি নিয়ে তিনি বলেন, সরকার বহুমত ও আদর্শকে সম্মান করে। তবে সংসদের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তিনি দাবি করেন, বিরোধী দলের দাবিগুলো অনেক ক্ষেত্রেই সরকারের বর্তমান অগ্রাধিকারের তালিকায় রয়েছে। লং মার্চে না গিয়ে আলোচনার টেবিলে যৌক্তিক প্রস্তাব নিয়ে আসার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।
সার সংকট প্রসঙ্গে উপদেষ্টা জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পর্যাপ্ত মজুদ রয়েছে। অসাধু উপায়ে সার মজুতকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া মাদরাসা শিক্ষার্থীদের খাবারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সচিবালয়ে সাংবাদিকদের পাস বাতিল সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, রাষ্ট্রীয় নিয়ম ও স্ক্রুটিনি সাপেক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেশাগত দায়িত্ব পালন করে। সাংবাদিকদের দাবি ও কল্যাণ নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।