যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ ৮ ডিভাইসে যুক্ত হয়েছে অভিনব অ্যান্টিঅক্সিডেন্ট ইনডেক্স পরিমাপের সুবিধা। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র পাঁচ সেকেন্ডের আঙুলের স্পর্শে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট অবস্থার একটি স্কোর জানতে পারেন। রক্তচাপ বা ঘুমের তথ্য ছাপিয়ে শরীরের অভ্যন্তরীণ পুষ্টির অবস্থা বুঝতে এই ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্যামসাং জানিয়েছে।
প্রযুক্তিটি কীভাবে কাজ করে
গ্যালাক্সি ওয়াচ ৮ সরাসরি শরীরের সব অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাপ করে না। এর পরিবর্তে এটি ত্বকে জমা হওয়া ক্যারোটিনয়েডের মাত্রা শনাক্ত করে। ফল ও শাকসবজিতে পাওয়া এই রঞ্জকগুলো ত্বকে জমা হয়, যা পরোক্ষভাবে ব্যক্তির পুষ্টি গ্রহণের সূচক হিসেবে কাজ করে। তবে অতিবেগুনি রশ্মি, মদ্যপান ও মানসিক চাপ এই স্কোরের ওপর প্রভাব ফেলতে পারে। পরিমাপের সময় ঘড়িটি কবজি থেকে খুলে এর পেছনের বায়োঅ্যাক্টিভ সেনসরে আঙুল চেপে ধরতে হয়। সেন্সরটি হলুদ, নীল, বেগুনি ও সবুজ এলইডি লাইট ব্যবহার করে ত্বকের আলোক শোষণক্ষমতা বিশ্লেষণ করে ক্যারোটিনয়েডের ঘনত্ব নির্ণয় করে। আঙুলের ত্বক ব্যবহারের কারণ হলো, এতে মেলানিন ও হিমোগ্লোবিনের হস্তক্ষেপ কম থাকে, যা নির্ভুল ফলাফলে সহায়তা করে।
নির্ভুলতা ও সীমাবদ্ধতা
স্যামসাংয়ের দাবি, ল্যাবরেটরিতে রমন স্পেকট্রোস্কোপি এবং রক্ত পরীক্ষার মাধ্যমে এই প্রযুক্তির সত্যতা যাচাই করা হয়েছে। কয়েকশ অংশগ্রহণকারীর তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। তবে স্যামসাং স্পষ্টভাবে জানিয়েছে, এই ইনডেক্স কোনো মেডিকেল রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনতার একটি মাধ্যম। ক্যারোটিনয়েডের মাত্রা শনাক্ত করতে খাদ্য গ্রহণের পর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে গ্যালাক্সি ওয়াচ ৮, ওয়াচ ৮ ক্লাসিক এবং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা মডেলে এই সুবিধা পাওয়া যাচ্ছে।