যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের জন্য ফোকাস মোড একটি অত্যন্ত কার্যকর ফিচার। প্রযুক্তি লেখক বেন স্টেগনারের মতে, যারা আইফোনের ফোকাস মোড এড়িয়ে চলছেন, তারা মূলত অ্যাপলের সবচেয়ে শক্তিশালী উৎপাদনশীলতা টুলটি ব্যবহারের সুযোগ হারাচ্ছেন।
আইফোনের আগের ‘ডু নট ডিস্টার্ব’ মোডটি কেবল সব নোটিফিকেশন বন্ধ রাখার একটি সাধারণ সুইচ ছিল। তবে ২০২১ সালে আইওএস ১৫ আপডেটের মাধ্যমে অ্যাপল এটিকে ফোকাস মোডে রূপান্তরিত করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী কোন নোটিফিকেশন আসবে বা আসবে না, তা নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, গাড়ি চালানোর সময় কেবল গুরুত্বপূর্ণ কল আসার সুযোগ রাখা কিংবা কাজের সময় অন্যান্য অ্যাপের শব্দ বন্ধ রাখার মতো সুবিধা এতে পাওয়া যায়।
সেটআপ পদ্ধতি
আইফোনের সেটিংস অপশনে গিয়ে ফোকাস মেনু থেকে এটি নিয়ন্ত্রণ করা যায়। এই কনফিগারেশনগুলো আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং ম্যাকের সাথে সিঙ্ক করা সম্ভব। ব্যক্তিগত, ঘুম বা কাজের মতো ডিফল্ট মোডগুলো থেকে যেকোনোটি বেছে নিয়ে কাস্টমাইজ করা যায়। পিপল এবং অ্যাপস প্যানেলের মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট ব্যক্তি বা অ্যাপের নোটিফিকেশন চালু বা বন্ধ রাখতে পারেন। এছাড়া ইমারজেন্সি বাইপাস অপশন ব্যবহার করে নির্দিষ্ট পরিচিত জনের কল বা টেক্সট ফোনের সাইলেন্ট মোডে থাকা সত্ত্বেও পাওয়ার ব্যবস্থা রাখা যায়।
অটোমেশন ও কাস্টমাইজেশন
ফোকাস মোডে ড্রাইভ করা, ফিটনেস ট্র্যাকিং, গেমিং বা মাইন্ডফুলনেস সেশনের মতো কাজগুলোর জন্য স্বয়ংক্রিয় মোড সেট করার সুযোগ রয়েছে। এছাড়া ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী নতুন ফোকাস মোড তৈরি করতে পারেন। ডিভাইসগুলোর মধ্যে এই মোড সিঙ্ক রাখা বা ফোকাস স্ট্যাটাস শেয়ার করার অপশনগুলোও অ্যাপল যুক্ত করেছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও কাজের মনোযোগ বজায় রাখতে সহায়তা করে।