ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এআই থেকে মুনাফা আসলেও ৬২ শতাংশ প্রতিষ্ঠানের নেই পর্যাপ্ত ডেটা স্টোরেজ সক্ষমতা


September 19, 2026 4:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি সিগেট টেকনোলজি তাদের এক নতুন গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে প্রত্যাশিত মুনাফা অর্জন করলেও তাদের সিংহভাগই পর্যাপ্ত অবকাঠামোর অভাবে ভুগছে। গবেষণায় দেখা গেছে, মাত্র ৩৮ শতাংশ প্রতিষ্ঠান এআই-এর ক্রমবর্ধমান ডেটা চাহিদা মেটানোর জন্য প্রস্তুত, যা আধুনিক ব্যবসার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

সিগেটের ২০২৬ সালের ‘ডেটা ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস রিপোর্ট’ অনুযায়ী, ৯৯ শতাংশ আইটি নীতিনির্ধারক মনে করছেন যে, এআই ব্যবহারের ফলে আগামী তিন বছরে তাদের প্রতিষ্ঠানের ডেটা স্টোরেজের প্রয়োজনীয়তা বাড়বে। এর মধ্যে ৩২ শতাংশের ধারণা, তাদের স্টোরেজ চাহিদা ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে। অথচ প্রস্তুতি সম্পন্ন প্রতিষ্ঠানের হার অর্ধেকেরও কম।

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং জাপানের মোট ২,৭১২ জন প্রযুক্তি সিদ্ধান্ত গ্রহণকারীর ওপর এই জরিপ পরিচালনা করেছে রিকন অ্যানালিটিকস। গবেষণার তথ্যমতে, এআই গ্রহণের গতির সাথে অবকাঠামোগত প্রস্তুতির মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, এআই প্রযুক্তি ব্যবহারের প্রধান বাধা হিসেবে ৫৩ শতাংশ উত্তরদাতা ডেটা কোয়ালিটি বা গুণমানকে চিহ্নিত করেছেন। দ্বিতীয় প্রধান সমস্যা হিসেবে ৪৩ শতাংশ স্টোরেজ অবকাঠামোর দুর্বলতাকে দায়ী করেছেন। বিপরীতে কম্পিউটিং সক্ষমতা বা জ্বালানি সংকট তুলনামূলক কম সমস্যার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তারা।

তবে আশার কথা হলো, ৮৬ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে এআই বিনিয়োগ থেকে মাঝারি থেকে উল্লেখযোগ্য হারে মুনাফা লাভ করছে। এর ফলে অনেক প্রতিষ্ঠানই ডেটা সেন্টারকে তাদের বিনিয়োগের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রেখেছে।

পরিবেশ ও স্থায়িত্বের প্রশ্নে প্রতিবেদনে ‘সাসটেইনেবল স্কেলিং’ বা টেকসই সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ৭৭ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, পরিবেশগত উদ্বেগ বা শক্তির সীমাবদ্ধতার কারণে তারা এআই অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা পুনর্গঠন বা স্থগিত করতে বাধ্য হয়েছে।

সিগেটের মতে, আগামী দিনে তারাই ব্যবসায়িক সফলতা পাবে যারা এআই-এর ক্রমবর্ধমান ডেটা চাহিদা সামলানোর পাশাপাশি অবকাঠামোর দক্ষতা বজায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে পারবে।