যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল তাদের ক্রোম ব্রাউজারে জেমিনাই এআই সুবিধা চালু করেছে। গুগল জানিয়েছে, চলতি বছরের মে মাসে আই/ও সম্মেলনে এই ফিচারের ঘোষণা দেওয়ার পর এখন এটি মোবাইল সংস্করণে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো। এর আগে ফিচারটি ক্রোম ডেস্কটপ ব্রাউজারে যুক্ত করা হয়েছিল।
জেমিনাই ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ ওয়েব পেজের সারসংক্ষেপ তৈরি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত খুঁজে পেতে পারবেন। এছাড়া গুগল ক্যালেন্ডার বা কিপের মতো অ্যাপগুলোর সাথে ট্যাব পরিবর্তন না করেই সরাসরি সংযুক্ত হওয়া সম্ভব হবে। ন্যানো ব্যানানা এআই ব্যবহার করে ওয়েব পেজ থেকে চিত্র বা ইনফোগ্রাফিক তৈরির সুবিধাও থাকছে এতে।
অ্যান্ড্রয়েড ক্রোম ব্রাউজারে অটো ব্রাউজ নামে একটি নতুন এজেন্টিক এআই ফিচার যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীর হয়ে টিকিট বুকিং বা অনলাইন অর্ডারের মতো কাজগুলো সম্পন্ন করতে পারে। তবে অর্থ লেনদেনের মতো সংবেদনশীল কাজের ক্ষেত্রে এই ফিচারটি ব্যবহারকারীর কাছ থেকে অনুমতি চেয়ে নেবে। বর্তমানে এআই প্রো বা এআই আলট্রা সাবস্ক্রিপশন ব্যবহারকারী মার্কিন অ্যান্ড্রয়েড গ্রাহকরা এই সুবিধা পাবেন। অন্যান্য দেশে এটি কবে নাগাদ চালু হবে, তা এখনও নিশ্চিত করেনি গুগল।
নিরাপত্তার বিষয়ে গুগল দাবি করেছে, প্রম্পট ইনজেকশনের মতো সাইবার ঝুঁকি মোকাবিলায় জেমিনাই মডেলগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্মার্টফোনে এজেন্টিক এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই সিস্টেম অনেক সময় অপ্রত্যাশিত আচরণ করতে পারে।